বার্সার অমঙ্গল চেয়ে মাঠে নামছে রিয়াল
নাটকীয়ভাবে জেগে ওঠা শিরোপা স্বপ্ন নিয়ে লা লিগার শেষ রাউন্ডে মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে ফাইনালে রূপ নেওয়া শেষ ম্যাচে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে শুধু জিতলেই লক্ষ্য পূরণ হবে না জিনেদিন জিদানের দলের; অন্য ম্যাচে হোঁচট খেতে হবে শীর্ষে থাকা বার্সেলোনার।
আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় ত্রয়োদশ স্থানে থাকা দেপোর্তিভোর মাঠে খেলতে নামবে ৮৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল। একই সময়ে গ্রানাদার মাঠে খেলবে রিয়ালের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা। ওখানে লুইস এনরিকের দল জিতে গেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে।
মাঠে নামার আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা রিয়াল শিবিরে অবশ্য নেই তেমন কোনো ভাবনা। অন্তত দলটির স্প্যানিশ ডিফেন্ডার আলভারো আরবেলোয়ার কথায় তেমনটাই বোঝা যাচ্ছে।
“আমাদের হারানোর কিছু নেই। আমরা শিরোপা জিতলে সেটা হবে দারুণ আনন্দের। আর না জিতলে আমার মতে, আমাদের খুশি হওয়া উচিত এই ভেবে যে কিভাবে আমরা মৌসুম শেষ করেছি, শেষ পর্যন্ত লড়াই করেছি।”
এমন অবস্থায় নিজেদের শিরোপা জয়ের সম্ভাবনাটা আরবেলোয়ার কাছে অনেকটাই লটারি ভাগ্যের মতো।
“দুই মাস আগে কেউ আমাদের এই জায়গায় ভাবতে পারেনি। এটা লটারি খেলার মতো: আপনি জিতলে চমৎকার আর না জিতলে দুর্ভাগ্য।”
হেসে রদ্রিগেস অবশ্য অতকিছু না ভেবে দেপোর্তিভোর ম্যাচ নিয়েই ভাবছেন, ঠিক অন্য সব ম্যাচের মতো।
লিগে টানা ১১ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে শেষ রাউন্ডে মাঠে নামতে যাচ্ছে রিয়াল। গ্যারেথ বেল চোট কাটিয়ে অনুশীলনে ফেরায় শিরোপা নির্ধারণী দিনে ‘বিবিসি’ আক্রমণভাগের তিন তারকাকে পাওয়ার সম্ভাবনাও জোরালো হয়েছে দলটির।
সব মিলিয়ে শক্তি-সামর্থ্যে অনেকটা পিছিয়ে থাকা দেপোর্তিভোর বিপক্ষে রিয়ালের জয়ের পাল্লা তাই অনেকটাই ভারি। আর তাই নিজেদের জয়ের পাশে স্পেনের সফলতম দলটির মূল চাওয়া যেন খেই হারায় চিরপ্রতিদ্বন্দ্বীরা, তাহলেই ৩৩তম লিগ শিরোপা ঘরে তুলতে পারবে ক্লাবটি।
