বড় হার দিয়ে শেষ শেখ জামালের এএফসি কাপ
এএফসি কাপের মূল পর্বে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের শেষটা হলো বড় হার দিয়ে। ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে ফিলিপিন্সের দল সেরেস লা সাল্লের কাছে ৫-০ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করেছে শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।
মূল পর্বে খেলা ছয় ম্যাচে এটি শেষ জামালের পঞ্চম হার। গত মার্চে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দলটির কাছে ২-০ ব্যবধানে হেরেছিল ঘরোয়া লিগের চ্যাম্পিয়নরা।
ফিলিপিন্সের ব্যাকোলোড সিটির পানা-অ্যাড পার্ক অ্যান্ড ফুটবল স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচের প্রথমার্ধে এক মিনিটের ব্যবধানে দুই গোল খায় শেখ জামাল।
অষ্টম মিনিটে স্পেনের বিয়েনভেনিদো মারানোনের গোলে এগিয়ে যাওয়া স্বাগতিকরা পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় আদ্রিয়ান গালার্দোর লক্ষ্যভেদে। শুরতেই দুই গোল খাওয়া শেখ জামাল দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে পারেনি।
গালার্দো দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক পূরণ করলে স্বাধীনতা কাপের সেমি-ফাইনালে ছয় গোল হজম করা শেখ জামালের ম্যাচে ফেরার আশা শেষ হয় যায়। ৫৮তম মিনিটে নিজের দ্বিতীয় ও ৬৭তম মিনিটে তৃতীয় গোলটি করেন স্পেনের এই খেলোয়াড়।
