লেস্টার বাজিতে হেরে মাথা করতে হলো ন্যাড়া
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে নিয়ে বাজি ধরে হেরে যাওয়ায় ন্যাড়া হয়েছেন টটেনহ্যাম হটস্পার ও মিডলসবরোর সাবেক স্ট্রাইকার মিদো।
বিন স্পোর্টস টিভি মিদোর ন্যাড়া হওয়ার বিষয়টি সরাসরি সম্প্রচার করে।
৩৩ বছর বয়সী মিশরের সাবেক এই ফুটবলার গত মাসে বলেছিলেন, লেস্টার চ্যাম্পিয়ন হলে মাথা ন্যাড়া করবেন তিনি। আর এটা সরাসরি সম্প্রচার করতে দেবেন।
গত সোমবার ২ ম্যাচ বাকি থাকতে লিগ শিরোপা নিশ্চিত করে লেস্টার।
নিজেদের মাঠে গত শনিবার এভারটনকে ৩-১ গোলে হারানো ম্যাচের পর ট্রফি হাতে পায় লেস্টারের খেলোয়াড়রা। এই ম্যাচের পরই বিন স্পোর্টস টিভির স্টুডিওতে মাথা ন্যাড়া করান বর্তমানে কোচিং পেশায় থাকা মিদো।
