২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইপিএলে বড় ৪ দলের যুগ শেষ’

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) বড় চার দলের যুগ শেষ বলে মনে করেন আর্সেন ভেঙ্গার। আর্সেনালের কোচের বিশ্বাস, ভবিষ্যতে অন্য ক্লাবও লেস্টারের মতো লিগের পরাশক্তি দলগুলোকে চ্যালেঞ্জ জানিয়ে সাফল্য পাবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 05:51 PM

Updated : 12 Apr 2022, 02:00 AM

গত মৌসুমে অবনমন এড়ানোর জন্য লড়াই করা লেস্টার এ মৌসুমে দুই ম্যাচ বাকি থাকতেই প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করে।

মৌসুমের শুরুতে ইপিএলের শিরোপা লড়াইয়ে লেস্টারের পক্ষে বাজির দর ছিল ৫০০০:১। বাজি ধরার প্রতিষ্ঠান আর ফুটবল বিশেষজ্ঞদের সব হিসেব পাল্টে দিয়ে সাফল্যের চূড়ায় বসে তারা।

লেস্টার, টটেনহ্যাম হটস্পার আর ওয়েস্ট হ্যামের মতো দলগুলোর উন্নতি করা আর লিগে বড় ক্লাবগুলোকে হারাতে দেখে ভেঙ্গার ধারণা করছেন, ঐতিহ্যবাহী বড় চার দল এখন অতীত বিষয়।

“মৌসুমের শুরুতে যাওয়া যাক। অনুমান ছিল, প্রথমত চেলসি আবার শিরোপা জিতবে; দ্বিতীয়ত ম্যানচেস্টার সিটি। কোনো পণ্ডিত যদি অনুমান করত লেস্টার জিততে পারে তাহলে হয়ত প্রতিক্রিয়া আসত, ‘এ কাজ ছেড়ে দাও এবং অন্য কিছু করো’। আর এটা আবারও ঘটতে পারে। কারও ধারণা নেই এমন একটি দল হয়ত পরের মৌসুমে আসবে এবং সবাইকে বিস্মিত করবে। সব ইংলিশ ক্লাবেরই এখন (খেলোয়াড় কেনার) টাকা আছে।”

ইংল্যান্ডের ক্লাবগুলোর অর্থকড়ি থাকার বিষয়টি তুলে ধরতে ওয়েস্ট হ্যাম আর টটেনহ্যামের নতুন স্টেডিয়াম তৈরির ঘটনা উদাহরণ হিসেবে টেনে আনেন ভেঙ্গার।