‘অবিশ্বাস্য’ প্রাপ্তির পর আরও স্বপ্ন দেখতে বললেন রানিয়েরি
রূপকথা লিখে প্রথম বারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি ছুঁয়ে দেখার আনন্দ ক্লাওদিও রানিয়েরি ভেতরে ভেতরে অনুভব করছেন। পুরোপুরি প্রকাশের ভাষাটা তার জানা নেই। তবে ‘অবিশ্বাস্য’ প্রাপ্তির উচ্ছ্বাস নিয়ে লেস্টার সিটির এই কোচ সমর্থকদের আরও স্বপ্ন দেখে যেতে বলেছেন।
গত শনিবার রাতে নিজেদের মাঠে এভারটনকে হারানো ম্যাচের পর লেস্টার সিটির হাতে ইপিএলের ট্রফি তুলে দেওয়া হয়। ক্লাবের ১৩২ বছরের ইতিহাসে প্রথম বারের মতো ইপিএলের ট্রফি উঁচিয়ে ধরার সাক্ষী হতে গ্যালারি ছিল সমর্থকে ঠাসা।
ইপিএলের মুকুট জয়ের প্রতিক্রিয়ায় রানিয়েরি জানান, ইংল্যান্ডে এসে এত বড় প্রাপ্তির কথা তিনিও কখনও ভাবেননি।
“শান্ত থাকার চেষ্টা করছি, কিন্তু অবশ্যই আমি ভেতরে ভেতরে ভীষণ খুশি। এটা অবিশ্বাস্য অনুভূতি। আমি মনে করি, এটা আমার জন্য দারুণ মুহূর্ত; কেননা, আমি নবীনতন নই এবং সামনে আরও একটা পরীক্ষা (চ্যাম্পিয়ন লিগ) আছে। প্রিমিয়ার লিগে আমরা চ্যাম্পিয়ন, এটা (আমার জন্য) বিশেষ কিছু। স্পেন ও ইতালিতে আমি কিছু ট্রফি জিতেছি কিন্তু এখানে জেতাটা চমৎকার।”
“ক্যারিয়ারে আমি সবসময় ভেবেছি, আগে হোক, পরে হোক শিরোপা জিতব। কিন্তু শুরুতে আমিও ভাবিনি, এটা সেই জায়গা হবে। কিন্তু কেন নয়? এটা শিহরণ জাগানো মৌসুম; বড় দলগুলো ধারাবাহিক থাকতে পারেনি এবং আমরা পেরেছি”, যোগ করেন এই ইতালিয়ান।
“পুরো মৌসুম তারা আমাদের পেছন থেকে (সামনের দিকে) ঠেলেছে। এটা অসাধারণ। আমরা খুব ভালোভাবে জানি, সামনের মৌসুমে সবকিছু অন্যরকম হবে। কিন্তু সমর্থকরা স্বপ্ন দেখছে-স্বপ্ন দেখে যাও; জেগে ওঠার কি দরকার?”
ম্যানচেস্টার সিটিকে গত ফেব্রুয়ারিতে ৩-১ ব্যবধানে হারায় লেস্টার। তবে আর্সেনালের কাছে ২-১ গোলে হারে দলটি। রানিয়েরি জানান, সিটিকে হারানো আর দশ জনের দল নিয়ে আর্সেনালের ঘাম ছুটিয়ে দেওয়ার পর তাদের মধ্যে শিরোপা জয়ের বিশ্বাস জন্মাতে শুরু করে।
এই আত্মবিশ্বাস নিয়ে ধীর পায়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আশাবাদও জানান লেস্টার কোচ, “(আমাদের) ভিতটা এখন মজবুত। এখন গুরুত্বপূর্ণ হলো ধীরে ধীরে ওপরের দিকে ওঠা।”
