২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেরিনার ইয়াংসের স্বপ্ন ভেঙে ফাইনালে আবাহনী

শেষ মুহূর্তের গোলে জয়ের হাসি আবাহনী লিমিটেডের; সম্ভাবনা জাগানো মেরিনার ইয়াংসকে ৩-২ ব্যবধানে হারিয়ে ক্লাব কাপ হকির ফাইনালে উঠেছে ঘরোয়া হকির ঐতিহ্যবাহী দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 06:59 PM

Updated : 12 Apr 2022, 02:00 AM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শনিবার আবাহনীর তৌসিফ আরশাদ, রুম্মান সরকার ও শাফকাত রসুল লক্ষ্যভেদ করেন। মেরিনার ইয়াংসের দুই গোলদাতা জিয়া মহান ও মামুনুর রহমান চয়ন।

তৃতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবাহনীকে এগিয়ে দেন পাকিস্তানের খেলোয়াড় তৌসিফ। পাঁচ মিনিট পর জিয়ার গোলে সমতায় ফেরে মেরিনার ইয়াংস।

২১তম মিনিটে পেনাল্টি কর্নারের সুযোগ নষ্ট হলেও তিন মিনিট পর এগিয়ে যায় মেরিনার ইয়াংস। অধিনায়ক চয়নের নিখুঁত ফ্লিকে স্কোরলাইন ২-১ করে গেরহার্ড পিটারের দলটি।

পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে আক্রমণ করতে থাকে আবাহনী। ২৯তম মিনিটে রসুলের রিভার্স হিট ফেরান গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের ‍শুরুতে কাসিফ আলীর ফ্লিক দারুণ দক্ষতায় আটকে দেন মেরিনার ইয়াংস গোলরক্ষক।

৫৪ মিনিটে একক প্রচেষ্টায় আক্রমণে যাওয়া রুম্মান রিভার্স হিটে আবাহনীকে সমতায় ফেরান। আর ৬২তম মিনিটে মেরিনার ইয়াংসের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় রসুলের আলতো টোকায় করা গোলে।

আগামী সোমবার শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনী মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠা ঊষা ক্রীড়া চক্রের।