২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিগুয়াইনের জোড়া গোলে নাপোলির জয়

গনসালো হিগুয়াইনের নৈপুণ্যে আতালান্তাকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার লক্ষ্যে আরেক ধাপ এগিয়েছে নাপোলি। এই আর্জেন্টাইন স্ট্রাইকারের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছে মাউরিৎসিও সাররির দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2016, 05:43 PM

Updated : 11 Oct 2022, 08:10 PM

ঘরের মাঠে চতুদর্শ মিনিটে দলকে এগিয়ে দেওয়ার পর ৭৭তম মিনিটে হেডে এবারের আসরে নিজের ৩২তম গোলটি করেন সর্বোচ্চ গোলদাতা হিগুয়াইন।

৮৫তম মিনিটে নাপোলির স্প্যানিশ ডিফেন্ডার রাউল আলবিওলের আত্মঘাতী গোলে ব্যবধান কমলেও নাপোলির জয়ের পথে কোনো বাধা হতে পারেনি আতালান্তা।

এই জয়ে ৩৬ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে নাপোলি।

চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে থাকা রোমাও প্রত্যাশিত জয় পেয়েছে। জেনোয়ার মাঠে ষষ্ঠ মিনিটে মোহাম্মদ সালাহর গোলে রাজধানীর দলটি এগিয়ে গেলেও সাত মিনিট পরেই ম্যাচে সমতা টানেন গ্রিসের মিডফিল্ডার পানাগিওটিস।

৬৫তম মিনিটে ইতালির স্ট্রাইকার লিওনার্দো পাভোলেত্তির গোলে এগিয়েও যায় জেনোয়া। তবে ৭৭তম মিনিটে অভিজ্ঞ ফরোয়ার্ড ফ্রান্সেসকো তত্তির চমৎকার এক ফ্রি-কিকে সমতায় ফেরার ১০ মিনিট পর রোমার জয় নিশ্চিত হয় স্তেফান এল শারাউইয়ের গোলে।

নাটকীয় এই জয়ে আগের মতোই নাপোলির চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে আছে রোমা।

ইতালির শীর্ষ এই লিগের প্রথম দুটি দল পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সরাসরি খেলার সুযোগ পাবে। আর তৃতীয় স্থানের দলটিকে প্লে-অফ খেলে আসতে হবে।