এফডব্লিউএর বর্ষসেরা লেস্টারের ভার্ডি
লেস্টার সিটির স্ট্রাইকার জেমি ভার্ডি ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) ভোটে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন।
মোট ভোটের ৩৬ শতাংশ পেয়ে সেরা নির্বাচিত হন ভার্ডি। সেরা হতে সতীর্থ রিয়াদ মাহরেজ ও এন'গোলো কান্তেকে পিছনে ফেলেন ভার্ডি।
১৯৪৭ সালে ইংল্যান্ডের সংবাদপত্র ও সংবাদ সংস্থার ফুটবল সাংবাদিক ও লেখকদের নিয়ে গড়া ওঠে এফডব্লিউএ। আর ১৯৪৮ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার দিয়ে আসছে সংস্থাটি। এবারই প্রথম লেস্টারের কোনো খেলোয়াড় এই পুরস্কার জিতলেন।
রূপকথার জন্ম দিতে চলা দলটির এই স্বপ্নযাত্রার অন্যতম কারিগর এখন পর্যন্ত লিগে দ্বিতীয় সর্বোচ্চ ২২ গোল করা ভার্ডি।
অনন্য এ কীর্তি গড়ার পথে প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে টানা ১১ ম্যাচে গোল করার রেকর্ড গড়েন ভার্ডি। লেস্টারের শিরোপা দৌড়ে এই ধারাবাহিক পারফরম্যান্সের অবদান অতুলনীয়।
