২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাঁচাও ফুটবল’ পরিষদের ১৪ প্রতিশ্রুতি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার দিয়েছে ‘বাঁচাও ফুটবল’ পরিষদ। বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের বিরোধী প্যানেলটি এতে ফুটবলের উন্নতির জন্য ১৪ দফা প্রতিশ্রুতি দিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 10:05 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

রোববার রাজধানী একটি হোটেলে ‘বাঁচাও ফুটবল’ পরিষদের নির্বাচনী ইশতেহার পড়ে শোনান মাহাবুবুল মতিন। সংবাদ সম্মেলনেই বাফুফের সিনিয়র সহ-সভাপতির পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়া ওঠা প্রশ্নের জবাব দেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের।

ঢাক-ডোল পিটিয়ে মনোনয়পত্র কেনার পর সিনিয়র সহ-সভাপতি পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করেন মনজুর কাদের ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইন-চার্জ লোকমান হোসেন ভূইয়া। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফীন টুটুলও সরে দাঁড়ান।

‘বাঁচাও ফুটবল’ পরিষদের নেতৃত্বে থাকা দুই প্রার্থীর (মনজুর ও লোকমান) সরে দাঁড়ানো নিয়ে রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনজুর বলেন, “ফুটবলে যেমন ট্যাকটিক্স থাকে, তেমনি নির্বাচনেও থাকে। আমি আগেই বলেছিলাম, নির্বাচনে দাঁড়াব না। তারপরও সমর্থকদের চাপে মনোনয়নপত্র কিনতে বাধ্য হয়েছি। কিন্তু তার আগেই প্রার্থীতা প্রত্যাহারের চিঠি আগেই তৈরি করে রেখেছিলাম। এটা আমার কাছে একটা ‘ফান’।”

বাফুফের প্রশাসনিক ও আর্থিক নিয়ন্ত্রণে সুষ্ঠু জবাবদিহিতা, ফুটবলকে গ্রাম পর্যায়ে ফিরিয়ে নেওয়া,  জেলা পর্যায়ের সংস্থাগুলোকে (ডিএফএ) নিয়মিত অনুদান দেওয়া, বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের প্রতিশ্রুতিও আছে ‘বাঁচাও ফুটবল’ পরিষদের নির্বাচনী ইশতেহারে।

ফুটবলারদের জন্য জিমনেশিয়াম স্থাপন, দেশের ৮টি বিভাগে ৮টি পুর্ণাঙ্গ ফুটবল একাডেমি নির্মাণ, সিলেট একাডেমির কার্যক্রম দ্রুত শুরু, শেরে বাংলা ও সোহরাওয়ার্দী কাপ পুনরায় চালু, প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলোকে স্বনির্ভর করে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

তবে ‘বাঁচাও ফুটবল’ পরিষদের দেওয়া ১৪ দফা নির্বাচনী ইশতেহারে জাতীয় দল নিয়ে সে অর্থে পরিষ্কার কোনো পরিকল্পনার কথা নেই। এ বিষয়ে মনজুর বলেন, “নির্বাচনী ইশতেহারে যেগুলো আছে, সেগুলো বাস্তবায়ন করতে পারলেই জাতীয় দল নিয়ে কাজ করা হয়ে যাবে। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী।”

নুরুল ইসলাম নুরু ও গোলাম রব্বানী হেলাল সরে দাঁড়ানোয় সভাপতি ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির সর্বোচ্চ পদের লড়াই হবে এখন সালাউদ্দিন ও ‘বাঁচাও ফুটবল’ পরিষদের কামরুল আশরাফের মধ্যে।

নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আশরাফ প্রতিশ্রুতি দিয়েছেন, সবার সঙ্গে নিয়ে কাজ করার, “দিন দিন ফুটবলের জনপ্রিয়তা কমছে, ক্রিকেটে বাড়ছে। এখানে (ফুটবলে) সবচেয়ে বড় সমস্যা সমন্বয়হীনতা। এই সমন্বয়হীনতা দূর করে সবাইকে নিয়ে কাজ করতে চাই আমি।”