সেই গেরহার্ডকে নিয়ে এল মেরিনার ইয়াংস
‘আবার বাংলাদেশে এসে আমি খুব খুশি’, মুখে হাসি ছড়িয়ে ভাঙা বাংলায় বললেন গেরহার্ড পিটার, বাংলাদেশের হকির সঙ্গে যার সম্পর্ক অনেক আগের। তাই ঢাকা মেরিনার ইয়াংসের দায়িত্ব নিয়ে চেনা আঙিনায় ফিরতে পেরে দারুণ খুশি জার্মানির এই কোচ।
দুই দফা জাতীয় হকি দলের কোচ ছিলেন পিটার। ২০১০ সালের এসএ গেমসে তার অধীনেই খেলে বাংলাদেশ। ২০১৩ সালে মোহামেডানের কোচও ছিলেন তিনি। লম্বা সময় থাকার কারণেই বাংলা ভাষাটাও টুকটাক রপ্ত করেছেন এই জার্মান।
আপাতত এক মৌসুমের জন্য পিটারকে কোচ করে এনেছে মেরিনার। কখনও ক্লাব কাপ জিততে না পারা দলটি জার্মান এই কোচের হাত ধরে শিরোপা খরা কাটানোর স্বপ্ন দেখছে। রোববার সংবাদ সম্মেলনে দল ও কোচকে পরিচয় করিয়ে দেওয়ার পর প্রত্যাশার কথাও জানান দলটির কর্মকর্তারা।
নয় দল নিয়ে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে ক্লাব কাপ হকি। দুই মৌসুম পর শুরু হওয়া এই আসরের জন্য মোটামুটি শক্তিশালী দলই গড়েছে মেরিনার। মামুনুর রহমান চয়ন, মাইনুল ইসলাম কৌশিক, রিমন, আশরাফুল ও রাব্বি-জাতীয় দলের এই পাঁচ খেলোয়াড়কে টেনেছে তারা। সর্বশেষ যুব হকির সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া গোলরক্ষক পারভেসও আছে দলটিতে।
জার্মানি, কেনিয়া ও মালয়েশিয়া থেকেও খেলোয়াড় এনে দলের শক্তি বাড়িয়েছে মেরিনার। গেরহার্ড নিজ দেশ থেকে এনেছেন ডাব্রোস্কি নিকোলাই হেইঞ্জকে। এই ফরোয়ার্ডকে নিয়ে আশাবাদী মেরিনার কোচ।
“ডাব্রোস্কি এমন মানের খেলোয়াড়, যে যেকোনো পজিশনেই খেলতে পারে। আমাদের দলে আছে কেনিয়ার লিনাস কিপকেমবেই; ছেলেটা জাতীয় দলে খেলে।”
নিজ দলের প্রতি আস্থা থাকলেও ঘরোয়া হকির দল মোহামেডান, ঊষার শক্তি তার অজানা নয় মোটেও। এ কারণেই ক্লাব হকির শিরোপা স্বপ্ন দেখলেও প্রতিপক্ষকে ঠিকই সমীহ করছেন তিনি।
“সবাই শিরোপা জিততে চাই। আমিও চাই। ছেলেদের মধ্যে এটা জয়ের মানসিকতা তৈরি করে দিতে হবে। তবে আমিও জানি, (শিরোপা জেতা) কাজটা কঠিন হবে।”
