২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লিগ জয়ের বড় সুযোগ বার্সার’

টানা তিনটি হারে হতাশা ঘিরে ধরেছিল বার্সেলোনার খেলোয়াড়দের। তবে সবশেষ দুই ম্যাচে বড় জয়ে আবার আত্মবিশ্বাস ফিরে পেয়েছে লুইস এনরিকের শিষ্যরা। জেরার্দ পিকে যেমন বললেন, লিগ জয়ের অনন্য সুযোগ আছে তার দলের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 06:13 PM

Updated : 12 Apr 2022, 01:55 AM

নিজেদের মাঠ কাম্প নউয়ে গত শনিবার স্পোর্তিং গিহনকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দেয় বার্সেলোনা। এর আগের ম্যাচে গত বুধবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ৮-০ গোলের বড় জয় পেয়েছিল এনরিকের দল।

স্পোর্তিংয়ের বিপক্ষে ম্যাচ শেষে কাতালান ক্লাবটির ডিফেন্ডার পিকের কণ্ঠে আত্মবিশ্বাস ঝরে পড়ে।

“আমরা বার্সা এবং আমরা জানি যে, লিগ জয়ের অনন্য সুযোগ আছে আমাদের। বাকি ম্যাচগুলোয় আমরা যদি পুরো ৯ পয়েন্ট পাই, তাহলে আমরাই চ্যাম্পিয়ন হবো।”

পিকের সুরে কথা বলেন বার্সেলোনার গোলরক্ষক ক্লাওদিও ব্রাভোও।

“আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে এবং এই সামর্থ্য নিয়ে আমরা বাকি ম্যাচগুলোর (তিন ম্যাচ) ৯ পয়েন্ট পেতে পারি।”

৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় সমান পয়েন্ট নিয়েও দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো। আর তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৮১।

লা লিগার শেষে রিয়ালের পয়েন্ট সমান হয়ে গেলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শিরোপা জিতবে বার্সেলোনাই।