দিবালার জোড়া গোলে শিরোপার কাছে ইউভেন্তুস
ইতালির শীর্ষ লিগ সেরি আয় শিরোপা ধরে রাখার লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে ইউভেন্তুস। পাওলো দিবালার জোড়া গোলে লাৎসিওকে সহজেই হারিয়েছে প্রতিযোগিতার সফলতম দলটি।
বুধবার রাতে ইউভেন্তুসের ৩-০ ব্যবধানের জয়ে অন্য গোলটি করেন মারিও মানজুকিচ।
ইউভেন্তুস স্টেডিয়ামে ৩৯তম মিনিটে পল পগবার পাসে খুব কাছ থেকে আলতো টোকায় বল জালে জড়ান ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড মানজুকিচ।
৪৮তম মিনিটে স্পেনের ডিফেন্ডার পাত্রিসিও গাবেরন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় লাৎসিও।
এর দুই মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে নেয় ইউভেন্তুস। লাৎসিওর ডি-বক্সে ইতালির ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। তা থেকেই নিজের প্রথম গোলটি করেন দিবালা।
এবারের সেরি আয় দিবালার গোল হলো দ্বিতীয় সর্বোচ্চ ১৬টি। ৩০ গোল নিয়ে শীর্ষে আছেন তারই স্বদেশি নাপোলির স্ট্রাইকার গনসালো হিগুয়াইন।
এই জয়ে ৩৪ ম্যাচে ইউভেন্তুসের পয়েন্ট হলো ৮২। সমান ম্যাচে ৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি।
শেষ চার রাউন্ডে আর ৪ পয়েন্ট পেলেই অন্য কোনো হিসাব ছাড়াই টানা পঞ্চমবারের মতো লিগ শিরোপা জিতবে ইউভেন্তুস।
দিনের অন্য ম্যাচে তোরিনোকে ৩-২ গোলে হারিয়েছে রোমা। ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রাজধানীর দলটি।
আর জেনোয়ার মাঠে ১-০ গোলে হেরে গেছে চতুর্থ স্থানে থাকা ইন্টার মিলান। সমান ৩৪ ম্যাচে তাদের পয়েন্ট ৬১।
