২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা কাপের সেমিতে শেখ জামাল

দ্বিতীয়ার্ধে আধিপত্য বজায় রেখে খেললেও শেষ রক্ষা হয়নি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। স্বাধীনতা কাপের ২০০৬ সালের চ্যাম্পিয়নদের আশা ফিকে করে দিয়ে সেমি-ফাইনালে উঠেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। মুক্তিযোদ্ধার বিপক্ষে ‘এ’ গ্রুপের ম্যাচে শফিকুল ইসলাম মানিকের শিষ্যদের জয়টি ৩-১ গোলের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 07:48 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

টানা চার জয়ে এক ম্যাচ হাতে রেখে ১২ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠল শেখ জামাল। গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলা মুক্তিযোদ্ধার সেমি-ফাইনালে ওঠার নির্ভর করছে এক ম্যাচ কম খেলা চট্টগ্রাম আবাহনী ও মোহামেডান স্পোর্টিংয়ের ওপর।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার প্রথমার্ধেই তিন গোল করে জয়ের পথে অনেকটা এগিয়ে যায় শেখ জামাল। ত্রয়োদশ মিনিটে বাঁ দিক থেকে আনিসুর আলম সুইটের লম্বা ক্রস ধরে ওয়েডসেন আনসেলমে সুযোগ থাকতেও শট নেননি। বক্সের মধ্যে থাকা হাইতির এই ফরোয়ার্ডের বাড়নো বলে নিখুঁতভাবে পা ছুঁইয়ে শেখ জামালকে এগিয়ে নেন নাইজেরিয়ার ফরোয়ার্ড এমেকা ডারলিংটন।

পাঁচ মিনিট পর গোলরক্ষকের দৃঢ়তায় ব্যবধান বাড়াতে পারেনি শেখ জামাল। ওয়েডসেনের বাড়ানো বল প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে নিয়ন্ত্রণে নেন মোহাম্মদ শিহাব। এই মিডফিল্ডারের বাঁকানো শটে অনেকটা লাফিয়ে উঠে কর্নারের বিনিময়ে ফেরান মামুন খান। এরপর ল্যান্ডিং ডারবোর কর্নার থেকে বল পোস্টে প্রতিহত হলে আরও একবার বেঁচে যায় মুক্তিযোদ্ধা।

৪৩তম মিনিটে গায়ে সেঁটে থাকা মুক্তিযোদ্ধার এক ডিফেন্ডারকে কাটিয়ে ওয়েডসেনের নেওয়া শট পাঞ্চ করে ফেরান মামুন। কিন্তু পরের মিনিটেই তিন বিদেশির মিলিত প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করে নেয় পেশাদার লিগের চ্যাম্পিয়নরা। ওয়েডসেনের বাড়ানো বল এমেকার পা হয়ে বক্সের মধ্যেই পেয়ে যান ল্যান্ডিং; গাম্বিয়ার এই ফরোয়ার্ডের শট ঠিকানা খুঁজে পায়।

প্রথমার্ধের যোগ করা সময়ে ওয়েডসেন লক্ষ্যভেদ করলে স্বাধীনতা কাপের ২০০৫ সালের চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধার ম্যাচে ফেরার আশা ফিকে হয়ে যায় অনেকটাই। বক্সের ডান দিক থেকে গতিময় শটে মামুনকে পরাস্ত করেন হাইতির এই ফরোয়ার্ড।

ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফেরা গোল তুলে নেয় মুক্তিযোদ্ধা। বক্সের মধ্যে তৌহিদুল আলমকে গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। হিমেলকে ছিটকে দিয়ে লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার মোবারক হোসেন ভূইয়া।

এরপর আহমেদ কোলো মুসার দারুণ শট গোল লাইন থেকে সুইট হেড করে ফেরালে বেঁচে যায় শেখ জামাল।

৬৮তম মিনিটে গোলের জন্য মরিয়া মুক্তিযোদ্ধার তৌহিদের শট কর্নারের বিনিময়ে ফিরিয়ে শেখ জামালের সেমি-ফাইনালে ওঠার পথটা মসৃণ রাখেন হিমেলর। শেষ দিকে শেখ জামালের রক্ষণে একের পর এক আক্রমণ করেও হিমেলকে পরাস্ত করতে পারেনি মুক্তিযোদ্ধার ফরোয়ার্ডরা।

৯ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে মুক্তিযোদ্ধাকে (+১) পেছনে ফেলে দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম আবাহনী (+২)। চার ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৬। গ্রুপের পঞ্চম ও শেষ ম্যাচে আগামী শুক্রবার শেখ জামালের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। তার আগের দিন ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে মোহামেডান।