লেস্টারের সঙ্গে ব্যবধান কমালো টটেনহ্যাম
স্টোক সিটিকে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই কিছুটা জমিয়ে তুলেছে টটেনহ্যাম হটস্পার্স। ৪-০ গোলের এই জয়ে শীর্ষে থাকা লেস্টার সিটির পাঁচ পয়েন্টের ব্যবধানে উঠে এসেছে দলটি।
লিগের আর ৪ রাউন্ড বাকি থাকতে লেস্টারের পয়েন্ট ৭৩। গত রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করেছিল আসরের চমক জাগানো দলটি।
শনিবার প্রতিপক্ষের মাঠে টটেনহ্যামের পক্ষে দুটি করে গোল করেন হ্যারি কেইন ও ডেলে আলি।
নবম মিনিটে ডি বক্সের বাঁ-দিক থেকে কেইনের ডান-পায়ের জোরালো শটে এগিয়ে যাওয়া টটেনহ্যাম দ্বিতীয়ার্ধে ৪ মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে ফেলে। ৬৭তম মিনিটে ক্রিস্তিয়ান এরিকসেনের বাড়ানো বলে বক্সের মধ্যে থেকে ব্যবধান দ্বিগুণ করেন আলি।
৮২তম মিনিটে আবারও এরিকসেনের সাহায্যে নিজের দ্বিতীয় গোল করেন আলি। এই ইংলিশ মিডফিল্ডার আরেকটি শট পোস্টে না লাগলে ব্যবধান আরও বাড়তে পারতো।
এই জয়ে শিরোপা লড়াই কিছুটা জমিয়ে তুললেও মৌসুমের বাকি সময়ে লেস্টার হোঁচট না খেলে কোনো সম্ভাবনা নেই টটেনহ্যামের। বাকি চার ম্যাচে ৮ পয়েন্ট পেলে অন্য কোনো হিসাব ছাড়াই চ্যাম্পিয়ন হয়ে যাবে ক্লাওদিও রানিয়েরির লেস্টার।
