সালাউদ্দিনসহ বাফুফে সভাপতি পদে ৪ প্রার্থী
৩০ এপ্রিলের নির্বাচন সামনে রেখে সরগরম হয়ে উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কাজী সালাউদ্দিনসহ সভাপতি পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চার জন। এর সঙ্গে সিনিয়র সহ-সভাপতি ও সদস্য পদ মিলিয়ে মোট প্রার্থী ৬২ জন।
রোববার ছিল মনোনয়নপত্র কেনার শেষ দিন। ‘আগন্তুকদের’ ঠেকাতে এবার সভাপতি পদের মনোনয়ন পত্রের দাম ১ লাখ, সিনিয়র সহ-সভাপতি ৭৫ হাজার, সহ-সভাপতি ৫০ হাজার ও সদস্য পদের মনোনয়নপত্রের দাম ২৫ হাজার টাকা করে ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
বর্তমান সভাপতি সালাউদ্দিনের সঙ্গে এবার লাখ টাকা দিয়ে মনোনয়নপত্র কিনেছেন কামরুল আশরাফ খান পোটন (এমপি), নুরুল ইসলাম নুরু ও গোলাম রব্বানী হেলাল। আশরাফ খান নরসিংদী-২ আসনের এমপি, নুরু টঙ্গী ক্রীড়া চক্রের কাউন্সিলর আর হেলাল সাবেক ফুটবলার।
বর্তমানে সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে থাকা সালাম মুর্শেদী এবারও একই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাবেক এই ফুটবলারের সঙ্গে লড়বেন ‘ফুটবল বাঁচাও আন্দোলন’ প্যানেলের প্রার্থী শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের। এই পদে লড়বেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূইয়া ও আওয়ামী লীগের যু্ব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিকুল আরেফীন টুটুল।
গতবারও সভাপতি পদে চার জন প্রার্থী ছিলেন। তবে তিন প্রার্থী সরে দাঁড়ানোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সালাউদ্দিন। সাবেক এই ফুটবলার এবার তৃতীয় মেয়াদে দায়িত্বে আসতে উন্মুখ।
“যদি পুরোপুরি আত্মবিশ্বাস না থাকতো তাহলে নির্বাচন করতাম না।”
আত্মবিশ্বাস থাকলেও তাকে পুনর্নির্বাচনের ভার ভোটারদের ওপরই ছেড়ে দেওয়ার কথা সাংবাদিকদের জানান সালাউদ্দিন।
“(নির্বাচনে) সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রার্থী বেশি হলে নির্বাচনে ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ভোটাররাই সিদ্ধান্ত নেবেন কাকে সভাপতি নির্বাচিত করবেন।”
