চট্টগ্রাম আবাহনীকে মাটিতে নামাল মোহামেডান
বিদেশিদের সঙ্গে দেশি ফুটবলাররাও জ্বলে ওঠায় স্বাধীনতা কাপে উড়তে থাকা চট্টগ্রাম আবাহনীকে মাটিতে নামাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নরা আক্রমণাত্মক ফুটবল খেলে বন্দর নগরীর দলটিকে ৫-১ গোলে হারিয়েছে।
মোহামেডানের জয়ে জোড়া গোল করেন গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা। বিপলু আহমেদ, মাশুক মিয়া জনি ও ইউসুফ সিফাত বাকি তিন গোলদাতা। চট্টগ্রাম আবাহনীর হয়ে একমাত্র গোলটি জাহিদ হোসেনের।
টানা তিন ম্যাচ জয়ের পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার টুর্নামেন্টে প্রথম হারের স্বাদ পেলো চট্টগ্রাম আবাহনী।
প্রথমার্ধে প্রতিপক্ষকে মেলে ধরার সুযোগ দেয়নি মোহামেডান। চাপ বজায় রেখে ২১তম মিনিটে বাঙ্গুরার লক্ষ্যভেদে এগিয়েও যায় দলটি। জনির কর্নারে মাথা ছুঁইয়ে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে পরাস্ত করেন গিনির এই ফরোয়ার্ড।
৩২তম মিনিটে আমিনুর রহমান সজীবের বাড়ানো বল প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পা হয়ে বক্সের মধ্যে পেয়ে যান বিপলু। জোরালো শটে স্কোরলাইন ২-০ করেন এই মিডফিল্ডার।
চার মিনিট পর বক্সের মধ্যে চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ড লিওনেল সেইন্ট প্রিয়াক্স ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ব্যবধান কমানোর সুযোগটা নষ্ট করেননি ফরোয়ার্ড জাহিদ।
৫০তম মিনিটে বাঁ দিক থেকে বিপলুর ক্রস থেকে বল পেয়ে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন বাঙ্গুরা।
শেষ দিকে ম্যাচে ফিরতে মরিয়া চট্টগ্রাম আবাহনী আক্রমণে যায়। সেই সুযোগে প্রতিআক্রমণ থেকে স্কোরলাইন ৫-১ করে দেন ইউসুফ সিফাত। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ডান দিক থেকে আব্দুল মালেকের ক্রসে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন বদলি হিসেবে নামা এই মিডফিল্ডার।
চার ম্যাচে প্রথম হারের স্বাদ পাওয়া চট্টগ্রাম আবাহনী সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ভালোভাবেই আছে। অন্য দিকে চার ম্যাচে দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালে স্বপ্ন টিকে থাকল মোহামেডানের।
৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে ‘এ’ গ্রুপের শীর্ষ তিনে আছে যথাক্রমে শেখ জামাল, চট্টগ্রাম আবাহনী ও মুক্তিযোদ্ধা। শেখ জামাল ও মুক্তিযোদ্ধা অবশ্য খেলেছে তিনটি করে ম্যাচ।
দিনের প্রথম খেলায় ‘বি’ গ্রুপের ম্যাচে আবাহনী লিমিটেডকে গোলশূন্য ড্রয়ে রুখে দেয় আরামবাগ ক্রীড়া চক্র।
