আতলেতিকোকে ছাড়িয়ে বার্সার কাছে যাওয়ার সুযোগ রিয়ালের
ফিকে হয়ে যাওয়া রিয়াল মাদ্রিদের লা লিগা জয়ের স্বপ্নটা নতুন করে জেগে উঠেছে। লড়াইটা আরও জমিয়ে তুলতে এবার গেতাফের মাঠে খেলতে যাচ্ছে জিনেদিন জিদানের শিষ্যরা। পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে থাকা দলটিকে হারাতে পারলে আতলেতিকো মাদ্রিদকে ছাড়িয়ে শীর্ষে থাকা বার্সেলোনার খুব কাছে পৌঁছে যাবে ইউরোপের সফলতম ক্লাবটি।
আগামী শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।
অজেয় হয়ে ওঠা বার্সেলোনার হঠাৎ ছন্দপতনের সুযোগে স্পেনের শীর্ষ লিগের শিরোপা লড়াই জমিয়ে তুলেছে রিয়াল ও আতলেতিকো। ৩২ রাউন্ড শেষে শীর্ষে থাকা কাতালান ক্লাবটির পয়েন্ট ৭৬। ৩ পয়েন্ট কম নিয়ে দিয়েগো সিমেওনের দল দ্বিতীয় এবং ৪ পয়েন্ট কম নিয়ে জিদানের দল তৃতীয় স্থানে আছে।
টানা ৩৯ ম্যাচ অপরাজিত থেকে শিরোপা জেতার সম্ভাবনা জোরালো করে তোলা বার্সেলোনা লিগে টানা দুই ম্যাচ হারলে রিয়ালের সম্ভাবনা জাগে। এই দুই ম্যাচের আগে আবার ভিয়ারিয়ালের মাঠে ২-২ গোলে ড্র করেছিল মেসি-নেইমাররা।
৩ রাউন্ড আগেও বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে ছিল রিয়াল। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীদের হোঁচটের সুযোগে ৪ পয়েন্টের ব্যবধানে উঠে আসে জিনেদিন জিদানের দল।
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা রিয়াল গত সপ্তাহে ভলফসবুর্গের মাঠে হেরে বসলেও ফিরতি পর্বে ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ৩-০ গোলে জিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠে।
শক্তি বা সাম্প্রতিক পারফরম্যান্স, কোনো বিচারেই স্বরূপে ফেরা রিয়ালের সামনে বড় কোনো বাথা হওয়ার কথা নয় লিগে সবশেষ ১২ ম্যাচে জয়শূন্য থাকা গেতাফে। এর মধ্যে ৯ ম্যাচে কোনো গোলই করতে পারেনি তারা। মুখোমুখি লড়াইয়েও একতরফা এগিয়ে মাদ্রিদের ক্লাবটি; ১৪ বারের দেখায় ১৩টিতেই জিতেছে রিয়াল।
রিয়াল শিবিরে নেই কোনো চোট সমস্যা। দারুণ ছন্দে আছে দলটির ‘বিবিসি’ আক্রমণভাগ। প্রথম পর্বে ঘরের মাঠে গেতাফেকে ৪-১ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করেন করিম বেনজেমা আর একটি করে গোল করেন রোনালদো ও বেল। সবকিছু মিলিয়েই তাই এ ম্যাচে রিয়াল সমর্থকেরা সহজ জয়ের প্রত্যাশা করতে পারে।
এখানে রিয়াল জিতলেও পরদিনই অবশ্য ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে বার্সেলোনা। রোববার ভালেন্সিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলবে মেসি-নেইমাররা।
