‘১১ জন থাকলে আমরা বার্সাকে হারাতে পারতাম’
বার্সেলোনার বিপক্ষে ফিরতি লেগের আগে ফের্নান্দো তরেসের কণ্ঠে প্রথম পর্বে হারের হতাশা। ওই ম্যাচে নায়ক থেকে খলনায়কে পরিণত হওয়া স্প্যানিশ এই স্ট্রাইকারের বিশ্বাস, তাকে লাল কার্ড দেখানো না হলে কাম্প নউয়ে বিজয়ী হতো তারাই।
গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২৫তম মিনিটে আতলেতিকো মাদ্রিদকে এগিয়ে দিয়েছিলেন তরেস। কিন্তু ১০ মিনিট বাদেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এক জন কম নিয়ে বাকিটা সময় আর পেরে ওঠেনি ২০১৩-১৪ মৌসুমের রানার্সআপরা। দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেসের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে বার্সেলোনা।
পুরো শক্তির দল নিয়ে আতলেতিকো খেলতে পারলে ফলাফল উল্টো হতো বলে বিশ্বাস তরেসের।
“আমি নিশ্চিত, ১১ জন নিয়ে খেললে কাম্প নউয়ে আমরাই জিততাম।”
প্রথম লেগের ওই হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন ফিলিপে লুইস। এবার তরেসও তেমনই ইঙ্গিত করলেন।
তরেস মনে করেন, ইচ্ছা করলে রেফারি ওই সিদ্ধান্তটাও এড়াতে পারতেন। লাল কার্ড পাওয়ার পরমুহূর্তটি নিজের ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় বলেও জানান ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার।
“কাম্প নউয়ের ওই ম্যাচের পর কয়েকটা দিন জটিল ছিল। যা হয়েছিল তা ভুলতে আমার দুদিন লেগেছিল।”
আতলেতিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে কালদেরনে বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ফিরতি পর্বের ম্যাচ।
