২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভলফসবুর্গের বিপক্ষে রিয়ালের যুদ্ধের প্রস্তুতি

ভলফসবুর্গের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামার আগে সান্তিয়াগো বের্নাবেউয়ে বাজছে যুদ্ধের দামামা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে জার্মান ক্লাবটির মাঠে দুই গোলে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে জোর প্রস্তুতি নিচ্ছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 05:29 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

পুরনো খবর:

জিততে হলে ‘মাথা খাটাতে’ হবে রোনালদোদের
সমর্থকদের ‘জাদুকরী’ রাতের প্রতিশ্রুতি রোনালদোর

ফিরতি ৯০ মিনিটের লড়াইয়ে ভলফসবুর্গকে উড়িয়ে দিতে বদ্ধপরিকর ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা রিয়াল। ঘরের মাঠে প্রিয় সমর্থকদের সামনে খেলার বাড়তি প্রেরণাও থাকছে মাদ্রিদের ক্লাবটির। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে গুরুত্বপূর্ণ ম্যাচটি।

গত সপ্তাহে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে ভলফসবুর্গের মাঠে নামলেও সমর্থকদের চরম হতাশ করে হেরে বসে রিয়াল। টানা ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার লক্ষ্যে খায় বড় ধাক্কা।

তবে গত শনিবার এইবারকে ৪-০ গোলে হারিয়ে লিগের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান ৪ পয়েন্টে কমিয়ে এনে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে রোনালদো-পেপেরা। প্রায় মুছে যাওয়া লিগ শিরোপা স্বপ্ন নতুন করে জেগে ওঠাটাও হতে পারে বাড়তি প্রেরণার।

সব কিছু মিলিয়েই শেষ চারে উঠতে আত্মবিশ্বাসের এতটুকু কমতি নেই রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়নদের।

ক্লাবের ওয়েবসাইটে রোনালদো বলেন, “(শেষ চারে) ওঠা আমাদের বড় লক্ষ্য। খেলোয়াড় ও সমর্থকদের হাসিমুখে মাঠ ছাড়ার এটাই একমাত্র উপায়।”

মৌসুমের শুরুটা দুর্দান্ত হলেও এরপর থেকে বারবারই ছন্দ হারিয়েছে রিয়াল। আর বর্তমানে এটাই দলটির সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। এইবারের বিপক্ষে ম্যাচ শেষেও কোচ জিনেদিন জিদানের কণ্ঠে শোনা যায় সে হতাশার কথা। তবে এবার তা কাটিয়ে ওঠার প্রত্যয় ফরাসি এই কোচের।

“আমি বলতে চাই, আমরা যেকোনো কিছু অর্জনে সক্ষম। এই মৌসুমে আমরা সবসময় আমাদের সেরা রূপে ছিলাম না, তারপরও আমরা সেরা কিছু অর্জন করতে সক্ষম।”

এই কঠিন চ্যালেঞ্জ জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী হলেও অতিরিক্ত উত্তেজনা বিপদ ডেকে আনতে পারে বলে শিষ্যদের সতর্ক করে দেন জিদান। তাই ঠান্ডা মাথায় কাজ সারার পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার সংবাদ সম্মেলনে শিষ্যদের উদ্দেশ্যে জিদান আরও বলেন, "একটা গোল খেলে বিষয়টা আরও জটিল হয়ে পড়বে, কিন্তু এটা হতেই পারে। তাই আমাদের পুরো ৯০ মিনিট মনোযোগ ধরে রাখতে হবে। ক্লিন শিট রাখতে পারলে আমাদের জন্য সহজ হবে। আমাদের শুধু নিজেদের খেলাটা খেলতে হবে।"

অতীতে বেশ কয়েকবার এমন কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা আছে রিয়ালের, যা থেকে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে খেলোয়াড়েরা।

১৯৭৫ সালের ইউরোপিয়ান কাপে ইংল্যান্ডের ক্লাব ডার্বি কাউন্টির মাঠে ৪-১ গোলে হারের পর ফিরতি পর্বে ৫-১ গোলে জিতেছিল রিয়াল।

১৯৮৫ উয়েফা কাপের সেমি-ফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল রিয়াল। তবে ফিরতি পর্বে ৩-০ গোলে জিতে ফাইনালে উঠেছিল তারা।

সেল্টিক, অ্যান্ডারলেখট, রেড স্টার বেলগ্রেড ও বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষেও প্রথম লেগের হতাশাজনক ফলের পর ফিরতি পর্বে ঘুরে দাঁড়ানোর সুখকর ইতিহাস আছে রিয়ালের। সবশেষ ২০০১-০২ মৌসুমে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মাঠে ২-১ গোলে হারের পর নিজেদের মাঠে ২-০ ব্যবধানে জিতেছিল ইউরোপের সফলতম ক্লাবটি। সেবার শিরোপাও জিতেছিল তারা।

তবে পরিসংখ্যানের পাতা ঘাটলে রিয়ালের হতাশার চিত্রও আছে ঢের। ২০০২ সালের পর থেকে এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে আটবার প্রথম লেগে হেরেছে দলটি, যার কোনোবারই পরের পর্বে উঠতে পারেনি তারা। সবশেষ গত মৌসুমে শেষ চারের প্রথম লেগে ইউভেন্তুসের কাছে ২-১ গোলে হারের পর ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে রোনালদোরা। তার আগে ২০১২-১৩ মৌসুমের শেষ চারে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে ৪-১ গোলে হারের পর ঘরের মাঠে ২-০ গোলেই জিততে পারে রিয়াল, যা যথেষ্ট ছিল না।

সাম্প্রতিক সময়ের এত এত হতাশার পরিসংখ্যান থাকলেও রিয়ালের আত্মবিশ্বাসে কোনো ভাটা পড়ছে না। কঠিন এ লড়াইয়ে নামার আগে রিয়াল শিবিরে আছে করিম বেনজেমা ও রাফায়েল ভারানের চোট কাটিয়ে ফেরার স্বস্তিও।

সোমবার সংবাদ সম্মেলনে জিদান জানান, ফরাসি স্ট্রাইকার বেনজেমা প্রথম একাদশে খেলতে প্রস্তুত। এছাড়া দলের সঙ্গে  অনুশীলন করায় ভারানের ফেরার সম্ভাবনা জোরালো।

প্রথমবারের মতো শেষ আটে উঠে এরই মধ্যে অবশ্য ইতিহাস রচনা করেছে ভলভসবুর্গ। এবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার স্বপ্ন পূরণে দৃঢ় ক্লাবটি।

দলটির ফরোয়ার্ড আন্দ্রে শুরলে বলেন, “মঙ্গলবার আমরা ১০ কোটি ভাগ দিয়ে খেলব, আমরা এমনভাবে দৌড়াবো যেন এর উপর আমাদের জীবন নির্ভর করছে।”

“রিয়াল মাদ্রিদকে হারানোর পর থেকে পুরো শহর ওই ম্যাচ ও ফিরতি লেগ নিয়ে কথা বলছে। এটা সহজ হবে না,” যোগ করেন এই জার্মান ফরোয়ার্ড।

শক্তির বিচারে পিছিয়ে থাকলেও প্রথম পর্বের সাফল্যে উদ্বুদ্ধ ভলফসবুর্গ কোচ প্রতিপক্ষের মাঠেও দারুণ কিছুর স্বপ্ন দেখছেন। শুরু থেকেই রোনালদোদের অস্বস্তিতে ফেলার পরিকল্পনা করছেন ডিটার হেকিং।

স্বপ্ন পূরণের আশায় হেকিং বলেন, “আমরা জানতাম, দুটি অসাধারণ দিন লাগবে আমাদের। এরই মধ্যে একটা পেয়েছি আমরা। আর এখন আরেকটি অসাধারণ দিন লাগবে আমাদের।”