২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের হারের পুরো দায় নিলেন জিদান

ভলফ্সবুর্গের কাছে হেরে যাওয়ার সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 03:22 PM

Updated : 11 Oct 2022, 08:03 PM

পুরনো খবর:

ভলফ্সবুর্গে এখন সেমি-ফাইনালের স্বপ্ন
ভলফসবুর্গের মাঠে অঘটনের শিকার রিয়াল

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বে ভলফসবুর্গের মাঠে ২-০ গোলে হেরে বড় অঘটনের শিকার হয়ে ফেরে রিয়াল।
 
২-০ ব্যবধানে পিছিয়ে পড়া রিয়াল গোল শোধের জন্য এক ঘণ্টারও বেশি সময় পেয়েছিল। কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমারা অঘটন এড়ানো দূরে থাক, প্রতিপক্ষের মাঠ থেকে একটি গোল নিয়েও ফিরতে পারেননি। 
 
ম্যাচ শেষে জিদান বলেন, "কোচ হিসেবে সব দায় আমার। আমরা ম্যাচটি আবার দেখব এবং বিশ্লেষণ করব। আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। আমিই দায়ী এবং অবশ্যই দেখতে হবে কী হয়েছিল।”
 
হারের জন্য খেলোয়াড়দের উপর দায় চাপাননি ঠিক, তবে শিষ্যদের প্রথমার্ধের খেলায় সন্তুষ্ট নন জিদান। 
 
“চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচের জন্য প্রয়োজনীয় ঐকান্তিকতা নিয়ে শুরু করিনি আমরা। আমরা এই ভুল করেছি। সম্প্রতি আমরা যা করেছি তা ইতিবাচক বলে আমি দিশেহারা হচ্ছি না। কিন্তু এই ম্যাচ নিয়ে আমরা খুশি নাই।”
 
গত শনিবার লা লিগায় বার্সেলোনার মাঠে ২-১ গোলে জয় পাওয়ার তৃপ্তি নিয়ে এই ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল। তবে জিদানের কাছে মনে হচ্ছে, শনিবারের ওই ম্যাচের ক্লান্তির কারণেই হয়ত ভলফ্সবুর্গের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারেনি রোনালদোরা। 
 
আগামী মঙ্গলবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা বলেন রেকর্ড ১০ বার এই টুর্নামেন্টের শিরোপা জেতা রিয়ালের কোচ জিদান। 
 
“একটা কাজই আমরা করতে পারি; শান্ত থাকা। …আমরা কষ্ট পাচ্ছি, হার সব সময়ই কষ্ট দেয়। তবে এখন আমরা জানি, এটা বদলে দেওয়ার সুযোগ আছে আমাদের। রিয়াল মাদ্রিদের হয়ে আমরা জানি, সমর্থকদের নিয়ে বের্নাবেউয়ে এটা ঘুরিয়ে দিতে পারি।”