২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভলফসবুর্গের মাঠে অঘটনের শিকার রিয়াল

রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছে জার্মানির ক্লাব ভলফ্সবুর্গ। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় অনভিজ্ঞ দলটির মাঠে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হেরেছে জিনেদিন জিদানের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 02:50 AM

Updated : 11 Oct 2022, 08:04 PM

পুরনো খবর:

রিয়ালের হারের পুরো দায় নিলেন জিদান
ভলফ্সবুর্গে এখন সেমি-ফাইনালের স্বপ্ন

শেষ চারে উঠতে আগামী মঙ্গলবার ঘরের মাঠের ফিরতি পর্বে কমপক্ষে তিন গোলের ব্যবধানে জিততে হবে রোনালদো-বেলদের।

বুধবার রাতের এই ম্যাচে ইউরোপের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় এর আগে ৩২ বার কোয়ার্টার-ফাইনালে উঠে ২৬ বারই জেতার অভিজ্ঞতাসম্পন্ন রিয়াল ছিল ‘ফেভারিট’। তাছাড়া প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠা ভলফ্সবুর্গের বিপক্ষে মাঠে নামার আগে ‘ক্লাসিকো’ জয়ের আত্মবিশ্বাসও ছিল রোনালদো-বেল-বেনজেমাদের সঙ্গী। কিন্তু সবশেষ তিন ম্যাচে জয়শূন্য দলটির বিপক্ষে তার প্রতিফলন দেখা যায়নি।

প্রতিপক্ষের মাঠে শুরুটা অবশ্য ভালোই হয় রিয়ালের; দ্বিতীয় মিনিটেই জালে বল পাঠান রোনালদো। তবে প্রতিযোগিতার রেকর্ড গোলদাতার গোলসংখ্যা বাড়েনি অফসাইডের বাঁশি বাজায়।

তিন মিনিট বাদে গ্যারেথ বেলকে বক্সের মধ্যে লুইস গুস্তাভো ফেলে দিলে পেনাল্টির জোরালো আবেদন ওঠে, রেফারি অবশ্য তাতে সাড়া দেননি।

ষষ্ঠদশ মিনিটে বক্সের মধ্যে এক জনকে কাটিয়ে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি করিম বেনজেমা। পরের মিনিটে পাল্টা আক্রমণে রিয়ালের বক্সে ঢুকে পড়েন আন্দ্রে শুরলে। শট নেওয়ার ঠিক আগ মুহূর্তে তাকে কাসেমিরো ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর নিখুঁত লক্ষ্যভেদে স্বাগতিকদের এগিয়ে দেন রিকার্দো রদ্রিগেস। ইউরোপ সেরার মঞ্চে কেইলর নাভাস এই মৌসুমে প্রথম গোল খেলেন।

রিয়াল পিছিয়ে পড়ার ধাক্কা কাটিয়ে ওঠার আগেই দ্বিতীয় আঘাত হানে ভলফ্সবুর্গ। ২৫তম মিনিটে ডান-দিক থেকে ব্রুনো হেনরিকের পাস পেয়ে ছয় গজ বক্সের ঠিক সামনে থেকে সহজেই বল জালে জড়ান জার্মান মিডফিল্ডার মাক্সিমিলিয়ান আর্নল্ড।

গোলটিতে দায় এড়াতে পারবেন না মার্সেলো; হেনরিকের নিচু পাস তার পাশ দিয়ে চলে গেলেও ক্ষীপ্রতার পরিচয় দিতে পারেননি ব্রাজিলের এই ডিফেন্ডার।

দুই গোলে পিছিয়ে থাকা রিয়াল আরও সমস্যায় পড়ে ৪০তম মিনিটে পায়ে চোট পেয়ে ফরাসি স্ট্রাইকার বেনজেমা মাঠ ছাড়লে।

বিরতির আগ পর্যন্ত বল দখলে এগিয়ে থাকলেও স্বরূপে জ্বলে উঠতে পারেনি তারকাসমৃদ্ধ ‘বিবিসি’ আক্রমণভাগ; ভলফসবুর্গের পাঁচটি শটের বিপরীতে রিয়ালের মাত্র দুটি শট লক্ষ্যে ছিল।

দ্বিতীয়ার্ধে দুইদলের কারোর খেলাতেই তেমন কোনো ছন্দ ছিল না; প্রথম ২৫ মিনিটে কেউই কোনো সুযোগ তৈরি করতে পারেনি। অবশেষে ৭৩তম মিনিটে ব্যবধান কমানোর দারুণ একটি সুযোগ পান রোনালদো। তবে ইসকোর বাড়ানো বল ধরে নেওয়া এই পর্তুগিজ ফরোয়ার্ডের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক।

বাকি সময়ে আর ভালো কোনো সুযোগই তৈরি করতে পারেনি রিয়াল। ফলে মহাদেশ সেরার লড়াইয়ে অন্যতম বড় অঘটনের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় সফলতম দলটিকে। অন্যদিকে, অসাধারণ এক জয়ে ইতিহাস গড়ার সম্ভাবনা জাগিয়ে রাখল ভলফসবুর্গ।