২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ক্লাবে খেলা হচ্ছে না ৮ ফুটবলারের

শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ছেড়ে যাওয়া আট ফুটবলারের নতুন ক্লাবে খেলা হচ্ছে না। তাদের নতুন ক্লাবে খেলার অনুমতি না দিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) হাই কোর্টের দেওয়া নির্দেশ সর্বোচ্চ আদালতেও বহাল রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 01:18 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে বাফুফের করা আবেদন সোমবার নিষ্পত্তি করে দিয়েছে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ।

শেখ জামালের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্টের দেওয়া আদেশই বহাল রইল। এর ফলে ৮ ফুটবলার শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ছাড়া নতুন ক্লাবে খেলতে পারছে না।”

সোমবার স্বাধীনতা কাপে মোহামেডান-শেখ জামাল ম্যাচের আগে শেখ জামালের সভাপতি মনজুর কাদের সংবাদ সম্মেলন করে আদালতের আদেশকে ‘বিজয়’ বলে উল্লেখ করেন।

“আজকে আমাদের একটি বিজয়ের দিন। অন্যায়ের বিরুদ্ধে, ফুটবল ফেডারেশনের দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম এবং মহামান্য আদালতের কাছে হাজির হতে বাধ্য হয়েছিলাম। সর্বোচ্চ আদালত আজকে এ রায় দিয়েছেন”

বাফুফের কিছু কর্মকর্তার বিরুদ্ধে খেলোয়াড়দের অন্য ক্লাবে দিয়ে ‘কমিশন খাওয়ার’ অভিযোগও আনেন কাদের।

“ফুটবল ফেডারেশনের কিছু কর্মকর্তা নিজেদের স্বার্থে, কমিশন খাওয়ার জন্য, শেখ জামালকে ধ্বংস করে দেওয়ার জন্য, ভেঙে ফেলার জন্য চেষ্টা করেছে।”

শেখ জামালের ভাষ্য, সর্বশেষ দলবদলের সময় ‘চুক্তি ভেঙে’ ক্লাব ছেড়েছেন ওই আট ফুটবলার। তাদের মধ্যে মামুনুল ইসলাম, নাসিরউদ্দিন চৌধুরী, ইয়ামিন মুন্না, সোহলে রানা ও রায়হান হাসান যোগ দিয়েছেন চট্টগ্রাম আবাহনীতে।

শেখ রাসেল ক্রীড়া চক্রে চলে গেছেন জামাল ভুইয়া ও শেখ আলমগীর কবির রানা। নতুন ঠিকানা হিসেবে গোলরক্ষক শহিদুল আলম সোহেল বেছে নিয়েছেন ঢাকা আবাহনীকে। আট ফুটবলারকে ঘরে ফেরার আহ্বানও জানান শেখ জামালের সভাপতি।

“খেলোয়াড়দের প্রতি আমার আবেদন রইল, তোমরা আমার খেলোয়াড়, তোমরা হাইকোর্টের আইন মেনে আমার ঘরে চলে এসে।”

আট খেলোয়াড়কে ফেরত চেয়ে শেখ জামালের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২৮ মার্চ হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুলসহ অন্তবর্তীকালীন আদেশ দেয়।

ক্লাবটির দাবি অনুযায়ী, আট খেলোয়ারকে ফিরিয়ে না দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল দেয় হাই কোর্ট।

সেই সঙ্গে খেলোয়াড়দের নতুন ক্লাবে খেলার অনুমতি না দিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) অন্তবর্তীকালীণ নির্দেশ দেয় আদালত।

হাই কোর্টের ওই আদেশ স্থগিত করার জন্য বাফুফে চেম্বার বিচারপতির আদালতে আবেদন নিয়ে গেলে আদালত নিয়মিত লিভ টু আপিল করতে বলে বিষয়টি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়। এর ধারাবাহিকতায় সোমবার বিষয়টি শুনানির জন্য ওঠে।

আদালতে বাফুফের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।