২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের কাছে হারার কারণ জানালেন মাসচেরানো

রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে খেলতে পারেনি বলেই হারতে হয়েছে বলে মনে করেন কাতালান ক্লাবটির ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 06:58 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

কাম্প নউতে গত শনিবার রাতে নিজেদের মাঠে রিয়ালের কাছে ২-১ গোলে হেরে ৩৯ ম্যাচ পর বার্সেলোনার অপরাজেয় যাত্রা থামে।  
 
ম্যাচ শেষে মাসচেরানো বলেন, “এটা দুর্বিষহ একটি অনুভূতি। আমরা সবাই জিততে এবং আরও ভালো ফল পেতে চেয়েছিলাম। কিন্তু শেষ ১৫ মিনিটে আমরা যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে খেলিনি।”

“আমরা বুঝতে ব্যর্থ হয়েছিলাম যে, আমাদের বলের দখল আরও নিয়ন্ত্রণ করতে হতো; আর বল না হারাতে হতো। শেষে আমরা দুটি প্রতিআক্রমণের কাছে হেরে যাই।”
 
ঘরের মাঠে জেরার্দ পিকের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। করিম বেনজেমার দৃষ্টিনন্দন লক্ষ্যভেদে সমতায় ফেরার পর ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে ফেরে রিয়াল। 
 
এগিয়ে গিয়েও জিততে না পারার আক্ষেপ ঝরে পড়ে মাসচেরানোর কথায়।
 
“এটা তিক্ত অনুভূতি। কারণ, আমরা ৭০ মিনিট ভালো খেলেছি। আমরা সেরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি।”
 
এই হার থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথাও জানান মাসচেরানো।