২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রিয়ালের সঙ্গে পয়েন্টের পার্থক্য ক্লাসিকোয় গুরুত্বপূর্ণ নয়'

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দ্বৈরথে পয়েন্ট তালিকায় এগিয়ে পিছিয়ে থাকার বিষয়টি প্রভাব ফেলে না বলে মনে করেন আলেইশ ভিদাল। বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডারের কাছে 'এল ক্লাসিকো' নামে পরিচিত এই লড়াইয়ে যে কোনো কিছুই ঘটতে পারে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 04:40 PM

Updated : 12 Apr 2022, 01:45 AM

লা লিগার ৩০ রাউন্ড শেষে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে কাতালুনিয়ার ক্লাবটি। ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।

লিগ শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ নিয়ে আগামী শনিবার নিজেদের মাঠ কাম্প নউয়ে রিয়ালের মুখোমুখি হচ্ছে লুইস এনরিকের দল।

বার্সেলোনার ডিফেন্ডার ভিদাল বলেন, "আমরা জয়ে মনোযোগ দিচ্ছি। আর এটা ঠিক যে, আমরা উল্লেখযোগ্য পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছি।"

"আমরা জানি, আমাদের কী করতে হবে। বিশ্বের সেরা দুটি দল মুখোমুখি হচ্ছে এবং যে কোনো কিছুই ঘটতে পারে।"

চলতি মৌসুমে লিগের দ্বিতীয় ক্লাসিকোটি হচ্ছে আন্তর্জাতিক ফুটবলের সূচির ঠিক পর পরই। বার্সেলোনার তারকা খেলোয়াড়দের বেশিরভাগই তাদের জাতীয় দলের হয়ে খেলে এসেছেন। ঠাসা সূচির এই ক্লান্তি খেলোয়াড়দের উপর প্রভাব ফেলবে না বলেই মনে করেন ভিদাল।

"এই ধরনের ম্যাচ খেলার এত বেশি অনুপ্রেরণা আছে যে, অবসাদ পেছনেই রয়ে যায়। আমাদের মতো একটি দলের একটানা অনেক ম্যাচ খেলার সামর্থ্য আছে। আমাদের দলে বিশ্বসেরারা আছে এবং কত ম্যাচ খেলি এটা ব্যাপারই নয়। কারণ, আমরা আমৃত্যু খেলব।"