মেসির জুতা দানে একি আপদ!
মহতী উদ্দেশে বুট জোড়া দান করে মিশরের একজন রাজনীতিক এবং ফুটবল কর্মকর্তার তোপের মুখে পড়েছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি।
মিশরের টিভি এমবিএস মাসারের ‘ইয়েস আই অ্যাম ফেমাস’ নামের একটি অনুষ্ঠানে শনিবার বার্সেলোনার ফরোয়ার্ড মেসির এক সাক্ষাৎকার ছিল। ওই অনুষ্ঠানেই চ্যারিটির জন্য নিজের বুটজোড়া দান করে অপ্রত্যাশিত সমালোচনার মুখে পড়েন তিনি।
মিশরের পার্লামেন্টের সদস্য ও টিভি উপস্থাপক সাইদ হাসাইন তার নিজের টক শোতে মেসিকে ধুয়ে দেন। সাইদ নিজের জুতা খুলেন তা দেখিয়ে আর্জেন্টিনার দরিদ্র মানুষের জন্য তা দান করার কথা বলেন।
“তুমি কার জুতা বিক্রি করতে চাও মেসি? এটা তোমাকে কত এনে দেবে বলে মনে করো তুমি? তুমি জানো না, মিশরের একটা শিশুর নখের দামও তোমার জুতার চেয়ে বেশি। নিজের জুতা নিজের কাছে রাখো, অথবা জুতা জোড়া ইসরায়েলের কাছে বিক্রি করো।”
“মেসি, আমরা ৯ কোটি মিশরীয়; আমাদের গর্ব আছে, জুতাও আছে। অন্যের জুতা বিক্রির টাকা দিয়ে আমরা খাই না। মেনে নিতাম, যদি সে মিশরীয়দের জন্য বার্সেলোনার জার্সিটা বিক্রি করত। কিন্তু জুতা দান? এটা সব মিশরীয়র জন্য অপমানজনক এবং আমি এটা মেনে নিতে পারি না। হয়ত মিশরীয়রা খাবার পাবে না কিন্তু তাদের গর্ব আছে।”
নিজেদের সাত হাজার বছরের সভ্যতায় এভাবে কখনো মিশরীয়রা অপমানিত হয়নি বলেও দাবি করেন ওই উপস্থাপক।
মধ্যপ্রাচ্যের সংস্কৃতিতে জুতা ছোঁড়াকে কাউকে অপমান করা বলে মনে করা হয়।
ওই টকশোতেই মিশরীয় ফুটবল ফেডারেশনের মুখপাত্র আজমি মেঘাহেদও মেসিকে সমালোচনা করেন।
“আমি দ্বিধায় আছি। যদি তার আমাদের অপমান করার উদ্দেশ্য থাকে, তাহলে আমি বলব, (মেসি) জুতাটা নিজের মাথার ওপর বা যারা তোমাকে সমর্থন করে, তাদের মাথার ওপর রাখো। আমাদের তার জুতার দরকার নেই এবং ইহুদি বা ইসরায়েলের মানুষের কাছ থেকে আমাদের কোনো দান পাওয়ার দরকার নেই। নিজের জুতা তুমি নিজের দেশকেই দান করো, আর্জেন্টিনা দরিদ্রতায় ভরা।”
এমবিএস মাসার টিভির যে উপস্থাপিকা সেদিন মেসির সাক্ষাৎকার নিয়েছিলেন, সেই মোনা এল-শারকাওয়ি নিউজ এজেন্সি আহরামের কাছে দাবি করেন, তার সেদিনের অনুষ্ঠানের কথার ভুল ব্যাখ্যা হয়েছে এবং মেসি যে দান করেছেন, তা মিশরীয়দের চ্যারিটির জন্য ছিল না।
“এটা একেবারেই বাজে ব্যাপার। এটাই আমাদের শোর নিয়ম যে, যারা আমাদের অনুষ্ঠানে আসেন, সেই অতিথিদের কাছ থেকে আমরা একটা স্মারক নেই এবং এটা চ্যারিটির জন্য নিলামে তুলি।”
“আমি খুবই বিস্মিত; কেননা, আমি এটা বলিনি যে, এটা (মেসির জুতা) আমি মিশর বা অন্য কোনো জায়গার চ্যারিটির জন্য দিব। বুঝতেই পারছি না, কেন তারা বলছে-মেসি এটা মিশরকে দিয়েছেন। এটা সেও (মেসি) কখনও বলেননি”, যোগ করেন তিনি।
জুতা দানের বিষয়ে অপ্রত্যাশিত এই ঘটনা নিয়ে মেসি কোনো মন্তব্য করেননি। তবে আর্জেন্টিনার এই তারকা ফুটবলারের পাশে দাঁড়িয়েছেন মিশরের সাবেক ফরোয়ার্ড মিদো। মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টুইটারে তিনি লিখেছেন, “একজন লেখকের কাছে তার সবচেয়ে মূল্যবান বস্তু হলো কলম…একজন ফুটবলারের কাছে সবচেয়ে মূল্যবান তার জুতা। আশা করি, আমরা ফালতু দোষারোপটা করাটা বন্ধ করব।”
