‘সেরা হতে বিশ্বকাপ জয়ের প্রয়োজন নেই মেসির’
সর্বকালের সেরা ফুটবলার হতে লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের প্রয়োজন নেই বলে মনে করেন বার্সেলোনার সাবেক তারকা চাভি এর্নান্দেস।
২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত মেসির সঙ্গে খেলা চাভি মনে করেন, মেসি বাস্তবিক অর্থেই প্রকৃতি প্রদত্ত এক প্রতিভা।
“আমি যাদের সঙ্গে খেলেছি তাদের মধ্যে নি:সন্দেহে লিও সেরা। আমার দেখা সেরা খেলোয়াড়ও সে। আর ভবিষ্যতেও আমাদের দেখা সেরা সে-ই থাকবে।”
স্পেনের একটি পত্রিকাকে চাভি বলেন, “সে ইতিহাসের সেরা খেলোয়াড়। সেরা হতে তার বিশ্বকাপ জয়ের প্রয়োজন নেই। আলেফ্রেদো দি স্তেফানো আর ইয়োহান ক্রুইফের কেউও বিশ্বকাপ জেতেনি।”
"তার ভরকেন্দ্র খুবই নীচু। সে হচ্ছে একজন আদর্শ ফুটবলার। সে পাতলা এবং অপরাজেয় পা আছে তার। এমনকি মাত্র ১.৭০ মিটার উচ্চতার পরও সে প্রকৃতির এক শক্তি।"
"সে তার ফর্মের চূড়ায় আছে। আমি নিজের সেরা সময়ে ছিলাম ২৮ থেকে ৩২ বছর বয়সের মধ্যে। লিও অন্য যে কোনো সময়ের চেয়ে নিজের যত্ন বেশি নিচ্ছে।" যোগ করেন চাভি।
