২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ আটে আতলেতিকোকে এড়াতে চেয়েছিল বার্সা

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে লা লিগার শিরোপা লড়াইয়ের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ সামনে পড়ুক তা চাননি বার্সেলোনা কোচ লুইস এনরিকে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 03:45 PM

Updated : 12 Apr 2022, 01:40 AM

তিন মৌসুমের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আতলেতিকোর মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। ২০১৩-১৪ মৌসুমে কাতালান ক্লাবটিকে হারিয়েই সেমি-ফাইনালে উঠেছিল দিয়েগো সিমেওনের আতলেতিকো। 
 
স্পেনের লা লিগায় রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, “চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠলে আতলেতিকো মাদ্রিদের মতো কঠিন দলের বিপক্ষে আপনাকে খেলতেই হবে। একই দেশের দলের বিপক্ষে কেউই খেলতে চায় না। কিন্তু আমি মনে করি, এটা অলঙ্ঘনীয় ছিল। কারণ, স্পেনে আমাদের অনেক ভালো দল আছে।”
 
এক দিক দিয়ে আতলেতিকোকে পাওয়ায় ভালো হয়েছে বলেও মনে করেন এনরিকে। 
 
“আমি মনে করি, আতলেতিকোকে আমাদের খুব ভালোভাবে চেনাটা ইতিবাচক হতে পারে।”

“অবশ্যই আমরা সহজ প্রতিপক্ষ আশা করেছিলাম। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে সব প্রতিপক্ষকেই হারাতে হবে,” যোগ করেন এনরিকে।
  
শেষ ষোলোর দুই পর্বেই আর্সেনালকে হারিয়ে ক্লাব ফুটবলে ইউরোপ সেরার লড়াইয়ের কোয়ার্টার-ফাইনালে ওঠে বার্সেলোনা।
 
শেষ ষোলোর দুই পর্বই গোলশূন্য ড্র হওয়ার পর টাইব্রেকারে পিএসভি আইন্দহোভেনকে ৮-৭ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে আতলেতিকো।

পুরনো খবর:

‘বিশ্ব সেরা’ বার্সাকে পেয়ে রোমাঞ্চিত সিমেওনে
শেষ আটে বার্সার কঠিন প্রতিপক্ষ