২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার সামনে ছন্দহীন ভিয়ারিয়াল

একের পর এক প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে স্পেনের লা লিগার শিরোপা ধরে রাখার পথে এগিয়ে চলেছে বার্সেলোনা। লিওনেল মেসি, লুইস সুয়ারেস, নেইমারদের সামনে এবার ছন্দহীন ভিয়ারিয়াল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 06:04 PM

Updated : 11 Oct 2022, 07:57 PM

ভিয়ারিয়ালের মাঠে আগামী রোববার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

এই ম্যাচের আগে দারুণ ছন্দে আছে বার্সেলোনা। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় পর্বে আর্সেনালকে হারিয়ে টানা অপরাজিত থাকার রেকর্ডটাকে ৩৮ ম্যাচে নিয়ে গেছে লুইস এনরিকের দল।

২৯ রাউন্ড শেষে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা লিগে টানা ১২ ম্যাচ জয়ের তৃপ্তি নিয়ে ‘ইয়েলো সাবমেরিন’ নামে পরিচিত দলটির মুখোমুখি হচ্ছে।

২০১০-১১ মৌসুমের পর একজন কোচের অধীনে লিগে টানা ১৩টি বা তার বেশি ম্যাচ জেতেনি বার্সেলোনা। ওই মৌসুমে সাবেক কোচ পেপ গুয়ার্দিওলার অধীনে টানা ১৬টি ম্যাচ জিতেছিল তারা।

বার্সেলোনা এমন দুর্দম্যভাবে এগিয়ে চলছে মূলত ‘এমএসএন’ নামে পরিচিত মেসি, সুয়ারেস ও নেইমারের সমন্বয়ে গড়া আক্রমণত্রয়ীর অসাধারণ পারফরম্যান্সে ভর করে। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এরই মধ্যে ১০৬ গোল করে ফেলেছে এই ত্রয়ী।

৫৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা ভিয়ারিয়াল গত ৫ মার্চে পালমাস ম্যাচের আগে পর্যন্ত লিগে টানা ১৪ ম্যাচ অপরাজিত ছিল। তবে পালমাসের কাছে হারের পর সেভিয়ার কাছেও ৪-২ গোলে হারে দলটি।

অন্যদিকে, বার্সেলোনার সঙ্গে লিগে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানটাও ভালো নয় ভিয়ারিয়াল বা তাদের কোচ মার্সেলিনোর। বার্সেলোনার বিপক্ষে সবশেষ ১৩ ম্যাচের একটিতেও জয় নেই ভিয়ারিয়ালের। এর মধ্যে সবশেষ পাঁচটিতেই হারে তারা। আর ক্যারিয়ারে ১১ বার বার্সেলোনার মুখোমুখি হয়ে একটিতেও জিততে পারেননি মার্সেলিনো।

তবে সাম্প্রতিক বাজে সময় আর অতীত পরিসংখ্যান ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা জানান মার্সেলিনো। সেক্ষেত্রে হয়ত তার দলের সবচেয়ে বড় প্রেরণা, চলতি মৌসুমে নিজেদের মাঠে তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ আর দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদকে হারানো।