২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের ভালোর কথা ভেবেই সিদ্ধান্ত

নেইমারের কোপা আমেরিকা ও অলিম্পিকে খেলা নিয়ে ব্রাজিল কোচ দুঙ্গার সঙ্গে শিগগিরই আলোচনায় বসতে যাচ্ছেন লুইস এনরিকে। বার্সেলোনা কোচ জানিয়েছেন, তারকা এই ফরোয়ার্ডের জন্য যেটা সবচেয়ে ভালো হয়, সেই সিদ্ধান্তই নেওয়া হবে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 10:38 PM

Updated : 25 Jul 2022, 09:21 PM

দুঙ্গা তার অধিনায়ককে দুটি প্রতিযোগিতাতেই খেলাতে চান। তবে দুটি টুর্নামেন্টের জন্য নেইমারকে ছাড়বেন কিনা, এ বিষয়ে এখনও কিছু বলেননি এনরিকে। 
 
স্পেনের লা লিগায় আগামী বুধবার গেতাফের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি ওঠে। এনরিকে এখানেও কিছুই খোলাসা করেননি। 
 
“আমরা এখনও সাক্ষাৎ করিনি। শিগগিরই দেখা হবে আমাদের।”

এনরিকে জানান, নেইমার ছাড়াও বার্সেলোনার রাফিনিয়া ও দানি আলভেসের অলিম্পিক দলে খেলানো নিয়ে দুঙ্গার কথা শুনবেন এবং তাদের কোনটা ভালো হবে তা বিবেচনা করবেন।

“কিন্তু আমরা খেলোয়াড়দের সবচেয়ে ভালোর জন্যই কাজ করতে চাই। আমরা তাদের ফিট থাকতে দেখতে চাই। আমরা এ নিয়েই কথা বলব।”

“আমার কাজ হচ্ছে কখনও কখনও নিজের ভাবনা অন্য মানুষকে জানতে না দেওয়া। আমাদের মধ্যে মিলটা হচ্ছে, আমরা নেইমারের সবচেয়ে ভালোটা চাই।”