২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যালেঞ্জ নিতেই বাংলাদেশে ইংলিশ ফুটবলার টাক

আবাহনী লিমিটেডের হয়ে প্রথম খেলতে নেমে গোল পাননি লি টাক; তবে গতি আর নজরকাড়া কিছু মুভে ইঙ্গিত দিয়েছেন আবাহনীর প্রত্যাশা পূরণের সামর্থ্য তার আছে। ইংল্যান্ডের এই ফরোয়ার্ড জানালেন, নতুন চ্যালেঞ্জ নিতেই বাংলাদেশে এসেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 10:06 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

বিশ্বকাপ বাছাইয়ে জর্ডান ম্যাচের আগে নিজেদের পরখ করে নিতে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীর মুখোমুখি হয়েছিল বাংলাদেশ জাতীয় দল। গোলশূন্য ড্রয়ে শেষ হওয়া ম্যাচের পর সাংবাদিকদের কাছে বাংলাদেশে আসার কারণ আর লক্ষ্যের কথা জানান ২৭ বছর বয়সী টাক।

“আমি আরও ছয় বছর খেলতে পারি। নতুন চ্যালেঞ্জ নিতেই এখানে এসেছি; নতুন কিছু করতে চাই। বিশ্বের নানা প্রান্তে ফুটবল খেলতে চাই।”

“এটা খুব ভাল একটা ম্যাচ ছিল। দুই দলই ছিল সমানে সমান। আমারও প্রথম ম্যাচ। অনেক খেলোয়াড় দেখলাম, তাদের সঙ্গে পরিচয় হলো। এটা আমার জন্য বেশ ইতিবাচক ম্যাচ,” যোগ করেন টাক।

১৯৮৮ সালে ইংল্যান্ডে জন্ম নেওয়া টাক থাইল্যান্ডের ক্লাব ব্যাঙ্কক এফসির হয়ে ভালোই আলো ছড়িয়েছেন। এই দলের হয়ে খেলার সময় ২০১২ সালে জিতেছেন গোল্ডেন বুটও।

গত বছর থাই লিগের দল নাখোন র‌্যাটচেসিমার হয়ে খেলা টাক বলেন, “১৫ গোল করেছি গত মৌসুমে। ছয় মৌসুম খেলেছি থাইল্যান্ডে। ১০০টার মতো গোল রয়েছে আমার।”

থাইল্যান্ড আর বাংলাদেশের আবহাওয়ার পার্থক্য কিছুটা হলেও ভাবাচ্ছে টাককে। জানালেন, বাংলাদেশের লিগ চলার সময় যদি তাপমাত্রা ৩৮ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে ওঠে, তাহলে এ ধরণের পরিস্থিতিতে যে কারও পক্ষে খেলাই কঠিন; তার জন্যও কঠিন হবে।

আবাহনীর সঙ্গে টাকের চুক্তিটা আপাতত এক মৌসুমের। সবে এ দেশের ঘরোয়া ফুটবলের সঙ্গে হাতে-কলমে পরিচিত হয়ে উঠছেন তিনি। আবাহনীর হয়ে ব্যক্তিগত লক্ষ্যটা পরিষ্কার না জানালেও লিগ শুরুর আগে ‍নিজেকে গুছিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন। আরও জানালেন, ফরোয়ার্ড ছাড়াও প্লেমেকারের ভূমিকায় বা একজন মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন তিনি।

টাক জানালেন, বাংলাদেশের ফুটবল সম্পর্কে যা একটু জানাশোনা, তা ইন্টারন্টে থেকে। ২০১৪ সালে ভুটানের কিংস কাপে নাখোন র‌্যাটচেসিমার মতো বাংলাদেশের ঘরোয়া ফুটবলের দুই দল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব আর আবাহনীও খেলেছিল। ইংল্যান্ডের এই ফরোয়ার্ডের দাবি, এ দুটি ক্লাবের নাম ও কিছু খেলোয়াড়দের সম্পর্কে সেই সময়েই ধারণা নিয়েছিলেন তিনি।

ইংল্যান্ডের ক্লাবগুলোর মধ্যে টাকের সবচেয়ে প্রিয় ম্যানচেস্টার ইউনাইটেড; লা লিগায় প্রিয় দল লিওনেল মেসির বার্সেলোনা। আদর্শ মানেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামকে। এ কারণেই বেকহ্যামের মতো নিজের ৫ ফুট আট ইঞ্চি লম্বা শরীরটাকে উল্কি এঁকে ভরে ফেলেছেন।  

এ নিয়ে প্রশ্ন করতেই হেসে উত্তর দিলেন, “সব মিলিয়ে ২৪টার মতো উল্কি আঁকিয়েছি।”

সব শেষে আবাহনীর কাছে অন্যরকম একটা চাওয়ার কথাও জানান টাক, “আজ আমি সে অর্থে গোলের জন্য ভালো সুযোগ পাইনি। আমাদের দলে আসলে ভালো মিডফিল্ডার আছে। কিন্তু (গোল পেতে) একটা ফাইনাল পাসের জন্য আরও ভালো একজন মিডফিল্ডার দরকার।”