প্রস্তুতি ম্যাচে আবাহনীর সঙ্গে জাতীয় দলের ড্র
বিশ্বকাপ বাছাইয়ে জর্ডানের বিপক্ষে নামার আগে নিজেদের পরখ করে নেওয়ার ম্যাচে আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র করেছে জাতীয় দল। তবে প্রস্তুতি ম্যাচের এই ফলের চেয়ে শিষ্যদের ফিটনেসের ঘাটতি বেশি ভাবাচ্ছে বাংলাদেশ কোচ গনসালো মরেনোকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার দুই দলের খেলায় আক্রমণের ধার ছিল না। জাতীয় দলের নাবীব নেওয়াজ জীবন, জুয়েল রানারা যা একটু সুযোগ পেয়েছিলেন, কাজে লাগাতে ব্যর্থ। অন্যদিকে আবাহনীর হয়ে প্রথম খেলতে নামা ইংল্যান্ডের স্ট্রাইকার লি টাক নজরকাড়া কিছু মুভ ছাড়া বেশি কিছু করে দেখাতে পারেননি।
ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় প্রস্তুতি ম্যাচে ফলের চেয়ে শিষ্যদের চোট নিয়ে বেশি কথা বলেন বাংলাদেশ কোচ। ফরোয়ার্ড শাখাওয়াত রনি গোঁড়ালির চোটে ভুগছেন; নাসিরুল ইসলাম ও রেজাউল করিম অসুস্থ। এই তিন নির্ভরযোগ্য খেলোয়াড়ের চোট দুর্ভাবনায় বাড়িয়েছে বলে জানান কোচ।
“ছেলেদের আজকের খেলা প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। অবশ্য নাসির, রেজা, রনিসহ আমাদের চার জন খেলোয়াড়ের চোট রয়েছে। প্রস্তুতির জন্য আমাদের সব খেলোয়াড় একসঙ্গে পাওয়া দরকার।”
