‘বার্সেলোনা বায়ার্নের চেয়ে ভালো নয়’
বার্সেলোনাকে নিজের দলের চেয়ে ভালো মানতে রাজি নন বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড টমাস মুলার।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বে ইউভেন্তুসের মাঠ থেকে ২-২ গোলে ড্র করে ফিরেছিল জার্মানির বুন্দেসলিগার শীর্ষে থাকা বায়ার্ন। সেই ম্যাচে বায়ার্নের প্রথম গোলটি করেছিলেন মুলার।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল থেকেই বায়ার্নকে ছিটকে ফেলেছিল বার্সেলোনা। তবে মুলার মনে করেন, মানুষ যতটা ভাবে, বার্সেলোনার সঙ্গে তার দলের পার্থক্য আসলে ততটা নয়।
“বার্সেলোনা ভালো সময়ের মধ্যে আছে। গত মৌসুমে ট্রেবল জিতে এসেছে তারা। কিন্তু আমি বায়ার্নকে ইউরোপের অন্যতম শক্তিশালী দল মনে করি, যারা বার্সেলোনার পাশে।”
জার্মানির টেলিভিশন চ্যানেল স্পোর্টস ওয়ানকে মুলার বলেন, “বুন্দেসলিগায় শীর্ষে আছে বায়ার্ন। কাপ ফাইনাল থেকে এক ম্যাচ দূরে আছে। আর (চ্যাম্পিয়ন্স লিগের) শেষ ষোলোর প্রথম পর্বে প্রতিপক্ষের মাঠে ভালো ফল পেয়েছে।”
“আমি বুঝতে পারছি না, তারা কোথায় আমাদের চেয়ে ভালো। প্রতি সপ্তাহেই আপনি দেখতে পারেন তারা কতটা ভালো। কিন্তু আপনারা আমাদের ম্যাচ দেখতে পারেন আর বলতে পারেন ‘হ্যাঁ, তারাও খুব শক্তিশালী’,” যোগ করেন মুলার।
