ডোপ পরীক্ষায় ব্যর্থ শারাপোভা
মেয়েদের টেনিসের সাবেক বিশ্বসেরা মারিয়া শারাপোভা অস্ট্রেলিয়ান ওপেনে ডোপ পরীক্ষায় উতরে যেতে ব্যর্থ হয়েছেন। রাশিয়ার এই তারকাকে আগামী ১২ মার্চ থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করার কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন।
লস অ্যাঞ্জেলেসে গত সোমবার এক সংবাদ সম্মেলনে ২৮ বছর বয়সী শারাপোভা জানান, অস্ট্রেলিয়ান ওপেন চলার সময় করা ডোপ পরীক্ষায় তার দেহে নিষিদ্ধ উপাদান মেলডোনিয়াম পাওয়া যায়। তবে তার দাবি, গত ১০ বছর ধরে তিনি স্বাস্থ্যগত কারণে যে ওষুধ নিয়ে আসছিলেন তাতে এই উপাদান ছিল।
ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগ পর্যন্ত পাঁচ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী শারাপোভা আগামী ১২ মার্চ থেকে সাময়িকভাবে নিষিদ্ধ থাকবেন।
ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিশ্বের সবচেয় বেশি আয় করা নারী ক্রীড়াবিদ শারাপোভার সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দিয়েছে।
২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন ট্রফি জেতা শারাপোভা বলেন, “আমি পরীক্ষায় ব্যর্থ হয়েছি এবং পুরো দায় নিচ্ছি।”
গত ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার-ফাইনালে সেরেনা উইলিয়ামসের কাছে হেরে যাওয়া ম্যাচের দিনে শারাপোভার ডোপ পরীক্ষার মুখোমুখি হন।
ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) শারাপোভার নমুনা পরীক্ষা করে তার মেলডোনিয়াম নেওয়ার প্রমাণ পায়। গত ২ মার্চ রাশিয়ার এই টেনিস তারকার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
ওয়াডা গত ১ জানুয়ারি মেলডোনিয়ামকে নিষিদ্ধ উপাদান হিসেবে ঘোষণা করে। শারাপোভা জানান, তাই এর আগের ১০ বছর ধরে ওষুধটি সেবন করা বৈধ ছিল। কিন্তু নিয়ম বদলানের বিষয়টি তার অজানা থেকে যায়। অবশ্য এর দায়ও তিনি স্বীকার করে নেন।
“নিষিদ্ধ ড্রাগের তালিকার পরিবর্তন নিয়ে আমি ওয়াডার কাছ থেকে গত ২২ ডিসেম্বর একটা ইমেইল পেয়েছিলাম, যেখানে তালিকাটা দেখা যেতো; কিন্তু আমি ওই লিংকে ঢুকিনি।”
২০০৫ সালে প্রথম মেয়েদের টেনিসের বিশ্বসেরা হন শারাপোভা। ফোর্বসের তালিকা অনুযায়ী গত ১১ বছর বিশ্বের সবচেয়ে বেশি আয় করা মহিলা টেনিস খেলোয়াড়ও তিনি। আগামী এপ্রিলে ২৯ বছর পূরণ করতে যাওয়া শারাপোভা অবশ্য জানিয়েছেন, এভাবে ক্যারিয়ার শেষ করতে চান না তিনি।
“আমি অনেক বড় ভুল করেছি। ভক্তদের নিচে নামিয়েছি; যে খেলাটা আমি চার বছর বয়স থেকে খেলছি, যে খেলাটাকে আমি ভীষণ ভালোবাসি, সেই টেনিসকেও নিচে নামিয়েছি। জানি, এর জন্য ফল ভোগ করতে হবে; কিন্তু আমি এভাবে ক্যারিয়ার শেষ করতে চাই না। আবারও টেনিস খেলার জন্য আমি আরেকটি সুযোগ পাব আশা করছি।”
