‘মেসিকে রক্ষা করে লা লিগা কতৃপক্ষ’
বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসিকে লা লিগা কতৃপক্ষ এবং স্পেনের গণমাধ্যম ‘রক্ষা’ করে বলে দাবি করেছেন আতলেতিকো মাদ্রিদের লেফট ব্যাক ফিলিপে লুইস।
গত মাসে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে মেসিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন লুইস। এরপর তিন ম্যাচের জন্য নিষিদ্ধও হন ব্রাজিল জাতীয় দলের এই খেলোয়াড়। আপিল করার পর অবশ্য নিষেধাজ্ঞা কমে এক ম্যাচের হয়।
বার্সেলোনার কাছে ২-১ গোলে হারা ওই ম্যাচের ঘটনাটি টেনে ব্রাজিলের একটি টিভি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় লা লিগা কর্তৃপক্ষ ও স্পেনের মিডিয়ার ‘মেসিপ্রীতি’ সামনে টেনে আনেন লুইস।
“এখন প্রতি ম্যাচেই মাঠে এমন ঘটনা ঘটে কিন্তু এটা ঘটেছিল মেসির সাথে, যে গণমাধ্যম ও লা লিগার প্রিয়ভাজন। অবশ্যই কেউ চায় না, সর্বকালের সেরা খেলোয়াড় মাঠের বাইরে চলে যাক। কেউ চায় না তাকে খেলতে দেখার সুযোগটা হারাতে এবং এ কারণেই এত সব কিছু হয়েছিল।”
এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে লুইস এইবারের বিপক্ষের ম্যাচে খেলতে পারেননি। ওই ম্যাচে আতলেতিকো ৩-১ গোলে জেতে।
