২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইবারের মাঠে নেইমারবিহীন বার্সেলোনা

দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমারের সমন্বয়ে গড়া আক্রমণত্রয়ীতে ভর করে লা লিগার শিরোপা ধরে রাখার পথে তরতর করে এগিয়ে চলছে বার্সেলোনা। অদম্যভাবে এগিয়ে চলা কাতালান ক্লাবটির সামনে এবার ধুঁকতে থাকা এইবার। তবে লুইস এনরিকের দলকে এই ম্যাচে মাঠে নামতে হচ্ছে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারকে ছাড়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 09:51 PM

Updated : 11 Oct 2022, 07:52 PM

এইবারের মাঠে বার্সেলোনা রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় এই ম্যাচ খেলতে নামছে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার তৃপ্তি নিয়ে।

২৭ রাউন্ড শেষে ৬৯ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছে গত মৌসুমে ট্রেবল জেতা দলটি।

এইবারের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও একতরফাভাবে এগিয়ে বার্সেলোনা। স্পেনের শীর্ষ লিগে খেলা ৩ ম্যাচের তিনটিতেই জয় কাতালান ক্লাবটির।

চলতি মৌসুমে ৩৬ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে থাকলেও গত কিছুদিন ধরেই ধুঁকছে এইবার। লিগে সবশেষ তিন ম্যাচের সবকটিতেই হেরেছে তারা। এর মধ্যে শেষ দুই ম্যাচে কোনো গোলই করতে পারেনি তারা।

সবকিছুর পরও বার্সেলোনা শিবিরে বেশ সতর্কতা। মৌসুমের এই পর্যায়ে এসে কোনো হোঁচট খেতে চায় না তারা।

অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা বলেন, “লিগ এখনও শেষ হয়ে যায়নি। সামনে আরও পয়েন্টের খেলা আছে। প্রত্যেকবারই আমাদের আরও কাছে যেতে হবে। কিন্তু এগোতে হবে অটলভাবে ধাপে ধাপে।”

এই ম্যাচের আগে একটা ছন্দপতন আছে বার্সেলোনা দলে। সবশেষ ম্যাচে রায়ো ভায়েকানোর বিপক্ষে হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। এই নিয়ে লা লিগায় চলতি মৌসুমে পঞ্চম হলুদ কার্ড দেখায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি। এইবারের বিপক্ষে তাই খেলা হবে না ব্রাজিল ফরোয়ার্ডের।