রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন রাকিব
শেখ কামাল আন্তর্জাতিক রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব। নয় খেলায় ৮.৫ পয়েন্ট নিয়ে শিরোপা জয় করেছেন বাংলাদেশ নৌবাহিনীর এই খেলোয়াড়।
দাবা ফেডারেশন কক্ষে বুধবার নবম ও শেষ রাউন্ডের খেলায় দুই গ্র্যান্ডমাস্টারের লড়াইয়ে জেতেন রাকিব; হেরে যান জিয়াউর রহমান।
দিনের অন্য খেলায় ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিনকে, আমিন শামীমকে, পরাগ স্মানকে, মোমিন দেলোয়ারকে ও ফিরোজ সোহেলকে হারান।
সাড়ে সাত পয়েন্ট নিয়ে শেখ রাসেল চেস ক্লাবের ইমন রানারআপ হয়েছেন। সাত পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়া তৃতীয় এবং ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম চতুর্থ হয়েছেন।
দুই জন করে গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিক মাস্টার, ছয় জন ফিদে মাস্টারসহ মোট ১২৯ জন খেলোয়াড় এ আসরে অংশ নেন।
