চেলসির টানা দ্বিতীয় জয়, পারেনি লেস্টার
গাস হিডিঙ্কের অধীনে ঘুরে দাঁড়ানো চেলসি এ মৌসুমের প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো টানা দুটি জয় পেয়েছে। নরিচ সিটিকে তাদের মাঠেই হারিয়েছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। হোঁচট খেয়েছে লেস্টার সিটি; ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে নাটকীয়তায় ভরা ম্যাচে পয়েন্ট হারিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ক্লাবটি।
মঙ্গলবার রাতে নরিচের মাঠে চেলসির জয় ২-১ গোলে। আর নিজেদের মাঠে ওয়েস্ট ব্রমের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লেস্টার।
ড্র করলেও ২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে লেস্টার। আর ৩৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে চেলসি।
প্রতিপক্ষের মাঠে ম্যাচ শুরুর ৪১ সেকেন্ডের মধ্যেই রবের্ত কেনেদির গোলে এগিয়ে যায় চেলসি। বক্সের একটু ওপর থেকে ব্রাজিলের এই উঠতি ফরোয়ার্ড বাঁ পায়ের গতিময় শটে লক্ষ্যভেদ করেন। আর থ্রু পাস ধরে বক্সে ঢুকে কস্তার চিপ গোলরক্ষকের মাথার উপর দিয়ে ঠিকানা খুঁজে পেলে প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে চেলসি।
গোলটি অবশ্য বিতর্কিত; রিপ্লেতে পরিষ্কার দেখা যায়, অফসাইড ছিলেন কস্তা। স্বাগতিক খেলোয়াড়েরা জোরালো প্রতিবাদও করে, তবে রেফারি গোলের বাঁশি বাজান।
লিগের শেষ ১০ ম্যাচে কস্তার এটি অষ্টম গোল। এসময়ে সতীর্থদের দিয়ে চারটি গোল করিয়েছেনও ব্রাজিলে জন্ম নেওয়া স্পেনের এই স্ট্রাইকার।
৬৮তম মিনিটে ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দেয় নরিচ। আইরিশ মিডফিল্ডার ওয়েসলির বুদ্ধিদীপ্ত পাস থেকে চেলসি গোলরক্ষকে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার নাথান রেডমন্ড। তবে শেষ পর্যন্ত চেলসির জয়ের পথে বাধা হতে পারেনি পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা দলটি।
ড্যানি ড্রিংকওয়াটারের দারুন এক দূরপাল্লার গোলে ৩০তম মিনিটে সমতায় ফেরে লেস্টার। গোলটিতে অবশ্য ভাগ্যের কিছুটা সহায়তা ছিল; ২৫ গজ দূর থেকে এই ইংলিশ মিডফিল্ডার জোরালো শট অতিথি ডিফেন্ডার ওলসনের পায়ে লেগে উপরে উঠে ক্রসবারের কোল ঘেষে জালে জড়ায়।
গোছালো আরেকটি আক্রমণ থেকে প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়িয়ে নেয় লেস্টার। মার্ক আলব্রিংটনের বাম দিক থেকে দেওয়া ক্রস নিখুঁত ফ্লিকে অ্যান্ডি কিংকে দেন রিয়াদ মাহরেজ; ওয়েস্টব্রম গোলরক্ষককে প্রতিরোধের কোনো সুযোগই দেননি কিং।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ওয়েস্ট ব্রমের ক্রেইগ গার্ডেনার নিখুঁত ফ্রি কিকে লক্ষ্যভেদ করলে ২-২ সমতায় ফেরে ম্যাচ। বাকি সময়ে লেস্টার বারবার আক্রমণ করে গেলেও অতিথিদের জমাট রক্ষণে সুবিধা করতে পারেনি।
