টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি রিয়াল-আতলেতিকো
আরেকটা হোঁচট বা হার শিরোপা লড়াই থেকে ছিটকে ফেলতে পারে রিয়াল মাদ্রিদকে। আতলেতিকো মাদ্রিদের অবস্থাও ঠিক একই রকম। লা লিগায় দুই নগর প্রতিদ্বন্দ্বীর এবারের ম্যাচটি তাই দুই দলের জন্যই শিরোপার আশা বাঁচিয়ে রাখার লড়াই।
রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে ম্যাচটি শুরু হবে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায়।
এ ম্যাচের আগে ২৫ রাউন্ড শেষে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৩।
নগর প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগের দিন রিয়ালের সবচেয়ে বড় তারকা ক্রিস্তিয়ানো রোনালদো বলেন, “শনিবার দারুণ এক ম্যাচ হবে বলে আশা করি। আর ম্যাচটি রিয়াল মাদ্রিদ জিততে পারে।”
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে থাকলেও শিরোপা জয়ের আশা এখনও ছাড়ছেন না রোনালদো।
আতলেতিকোর বিপক্ষে ম্যাচের আগে রিয়াল আত্মবিশ্বাসের পালে হাওয়া ভরে নেওয়ার জন্য তাকাতে পারে ঘরের মাঠে নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে। নিজেদের মাঠে লিগে সবশেষ সাত ম্যাচেই জয় পেয়েছে জিদানের দল। আর এই ম্যাচগুলোয় ৫.২৮ গড়ে গোল করেছে তারা।
স্পেনের সফলতম দলের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসের রসদ আছে আতলেতিকোরও। লিগে রিয়ালের বিপক্ষে সবশেষ পাঁচ ম্যাচের একটিতেও হারেনি দিয়েগো সিমেওনের দল।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আতলেতিকোর বিপক্ষে সবশেষ চার ম্যাচে কোনো গোল পাননি রোনালদো।
রিয়ালের বিপক্ষে ম্যাচে ভালো ফল করে নিজেদের শিরোপা লড়াইয়ে রাখতে প্রত্যয়ী আতলেতিকোর খেলোয়াড়রা। মিডফিল্ডার অলিভের তোরেস বলেন, “ডার্বি ম্যাচে আমরা নিজেদের শতভাগ দেব, যেমনটা আমরা যে কোনো ম্যাচেই করি।”
