২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ষোলোতে ম্যান ইউ-লিভারপুল, নাপোলির বিদায়

ডেনমার্কের দল মিটজিল্যান্ডকে হারিয়ে ইউরোপা লিগের শেষ ষোলোতে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লুইস ফন খালের দলের সঙ্গী হতে এফসি আউগসবুর্গকে হারিয়েছে লিভারপুল। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 03:31 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

শেষ বত্রিশের প্রথম পর্বে ২-১ গোলে হেরে যাওয়া ইউনাইটেড গত বৃহস্পতিবার নিজেদের মাঠে ৫-১ গোলের বড় জয় পায়। আর আউগবুর্গের মাঠ থেকে প্রথম পর্বে গোলশূন্য ড্র করে ফেরা লিভারপুল নিজেদের মাঠে পেয়েছে ১-০ গোলের জয়। 
 
পিয়োনে সিস্তোর গোলে ২৭তম মিনিটে এগিয়ে যায় মিটজিল্যান্ড। ৫ মিনিট পর নিকোলাই বদুরভের আত্মঘাতী গোলে সমতায় ফেরে ইউনাটেড। ১-১ গোলের সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে ফন খালের দল।

ইউনাইটেডের হয়ে অভিষেকেই জোড়া গোল করেন ইংল্যান্ডের তরুণ ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ড। তার ৬৩ ও ৭৫তম মিনিটের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ইউনাইটেড।  আন্দের এররেরার পেনাল্টি গোলে ৮৭তম মিনিটে স্কোরলাইন ৪-১ করে ইউনাইটেড। আর ৯০তম মিনিটে মেমফিস ডিপাইয়ের গোলে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।  নিজেদের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলকে জেতানো গোলটি ম্যাচের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে করেন ইংল্যান্ডের মিডফিল্ডার জেমস মিলনার। নিজেদের মাঠে স্পেনের ক্লাব ভিয়ারিয়ালের সঙ্গে দ্বিতীয় পর্বে ১-১ গোলে ড্র করে শেষ বত্রিশ থেকেই বিদায় নেয় ইতালির সেরি আতে এ মৌসুমে দারুণ খেলে চলা নাপোলি। প্রথম পর্বে ভিয়ারিয়ালের মাঠ থেকে ১-০ গোলে হেরে আসা নাপোলিকে বৃহস্পতিবার ১৭তম মিনিটে এগিয়ে দেন মারেক হামসিক। ৫৯তম মিনিটে স্পেনের মিডফিল্ডার তমাস পিনার গোলে সমতায় ফেরে ভিয়ারিয়াল।  এফসি পোর্তোর মাঠে ১-০ গোলে জেতা বরুসিয়া ডর্টমুন্ডও শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। ম্যাচের একমাত্র গোলটি ছিল পোর্তো গোলরক্ষক ইকের কাসিয়াসের আত্মঘাতী।  বক্সের মধ্যে থেকে নেওয়া মার্কো রয়েসের শট ঠেকিয়ে দিয়েছিলেন কাসিয়াস। ফিরতি বলে নেওয়া পিয়েরে এমেরিক আউবামেয়াংয়ের শটও বারে লেগে ফিরে আসে। তবে বল কাসিয়াসের গায়ে লেগে জালে জড়ায়।  ডর্টমুন্ডের মাঠে প্রথম পর্বের ম্যাচটি ২-০ গোলে হেরেছিল পোর্তো।