‘রিয়াল মাদ্রিদ নয়, বার্সার জন্য হুমকি ইপিএল’
রিয়াল মাদ্রিদ নয়, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোই বার্সেলোনার জন্য হুমকি বলে মনে করেন জোজেপ মারিয়া বার্তোমেউ। আগামী মৌসুম থেকে ইংল্যান্ডের দলগুলোর আয় অনেক বেড়ে যাবে বলে স্পেনের ক্লাবটির সভাপতি চিন্তিত।
২০১৬-১৭ মৌসুম থেকে ইংলিশ ফুটবলের শীর্ষ প্রতিযোগিতার ২০টি দল টিভি স্বত্ব থেকে মোট ৫০০ কোটি পাউন্ডের বেশি আয় করবে। ইপিএলের পয়েন্ট তালিকার তলানির দলই এই খাত থেকে পাবে ৯ কোটি ৯০ লাখ পাউন্ড।
নিজেদের লিগের তুলনায় ইংল্যান্ডের দলগুলোর আয়ের এই বিশাল পার্থক্যই চিন্তায় ফেলেছে বার্তোমেউকে।
বিবিসিকে বার্তোমেউ বলেন, “এখন থেকে প্রিমিয়ার লিগের দলগুলোর অর্থনৈতিক অবস্থা হবে অবিশ্বাস্য। এই ব্যাপারে আমরা চিন্তিত।”
ডেলোই’ নামের লন্ডনের একটি বাণিজ্যিক পরামর্শক প্রতিষ্ঠানের সবশেষ প্রকাশিত তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্লাব রিয়াল (৪৩ কোটি ৯০ লাখ পাউন্ড)। তাদের পরেই দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ক্লাব বার্সেলোনা (৪২ কোটি ৬০ লাখ পাউন্ড)।
এই তালিকার তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড (৩৯ কোটি ৫০ লাখ পাউন্ড)। তবে আগামী বছর থেকে এক লাফে তালিকার শীর্ষে ওঠার সম্ভাবনা দলটির; প্রথম ব্রিটিশ ক্লাব হিসেবে এক বছরে তাদের আয় হতে পারে ৫০ কোটি পাউন্ডেরও বেশি।
বার্তোমেউয়ের মতে, দর্শক জনপ্রিয়তা ও অধিক আয়ের বিচারে ইপিএলই ‘বিশ্বের সেরা ফুটবল প্রতিযোগিতা’। লা লিগার ক্লাবগুলো এর সঙ্গে ভারসাম্য না রাখতে পারলে সমস্যা হবে বলে মনে করেন তিনি।
বার্তোমেউয়ের মতে, দলের তারকা খেলোয়াড়দের ধরে রাখতেও লড়াই করতে হবে তাদের।
“আয় বাড়াতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং তারকাদের ধরে রাখতে আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে হবে। আর এ কারণেই আমি চিন্তিত।”
আয়ের দিক থেকে প্রিমিয়ার লিগের দলগুলোর শক্তিশালী হলেও বার্তোমেউয়ের বিশ্বাস, তারকা খেলোয়াড়দের ধরে রেখে তারাই শক্তিশালী থাকবে।
“আমাদের কোনো খেলোয়াড়ই বলেনি যে, তারা চলে যেতে চায়। তাদের অনেকেই ভালো প্রস্তাব পেয়েছিল; কিন্তু আমাদের খেলোয়াড়েরা অর্থের জন্যে নয়, ফুটবল ও ভক্তদের জন্যই তারা বার্সেলোনায়।”
