মালাগার মাঠে রিয়ালের হোঁচট
সান্তিয়াগো বের্নাবেউয়ের দুর্দান্ত রিয়াল মাদ্রিদ আবারও প্রতিপক্ষের মাঠে গিয়ে মুখ থুবড়ে পড়লো। আক্রমণভাগ ও রক্ষণের ব্যর্থতায় ম্যাচের পুরোটা সময় জুড়েই নিজেদের খুঁজে ফেরা জিনেদিন জিদানের শিষ্যরা মালাগার মাঠে ১-১ গোলে ড্র করেছে।
পরের ম্যাচে আতলেতিকো মাদ্রিদ নিজেদের মাঠে ভিয়ারিয়ালের সঙ্গে গোলশূন্য ড্র করায় বার্সেলোনা শিরোপা লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেছে।
নিজেদের মাঠে মালাগা যেভাবে চেপে বসেছিল তাতে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারাটাও যেন রিয়ালের জন্য বড় স্বস্তির।
ম্যাচের শুরু থেকেই রিয়ালের রক্ষণের দুর্বলতা স্পষ্ট হতে থাকে। মার্সেলো ফিরলেও পেপে ও রাফায়েল ভারানের শূন্যতা পুষিয়ে নিতে বেশ বেগ পেতে হচ্ছিল অতিথিদের। বিপজ্জনক জায়গা থেকে সতীর্থদের ব্যাকপাস সামলাতেও সমস্যায় পড়তে দেখা যায় গোলরক্ষক কেইলর নাভাসকে।
এমনই এক বাজে ব্যাকপাসে ১৯তম মিনিটে পিছিয়ে পড়তো পারতো রিয়াল। বিপজ্জনক জায়গা থেকে টনি ক্রুসের ব্যাকপাস ধরে শট নেন মালাগা মিডফিল্ডার হুয়ানপি। নাভাস এগিয়ে এসে কোনোমতে দলকে বাঁচান। পরের মিনিটেই পর্তুগিজ ফরোয়ার্ড রিকার্দো হোর্তার শট একটুর জন্যে লক্ষ্যভ্রষ্ট হলে ফের বেঁচে যায় জিদানের দল।
অবশেষে ৩৩তম মিনিটে রিয়াল এগিয়ে যায়। ডান দিক থেকে টনি ক্রুসের ফ্রি-কিক বক্সের মধ্যে পেয়ে জোরালো হেডে লক্ষভেদ করেন রোনালদো। টিভি রিপ্লেতে দেখা যায়, অফসাইডে ছিলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
দুই মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করতে পারতেন রোনালদো। বক্সের মধ্যে তাকে ব্রাজিলের মিডফিল্ডার ওয়েলিংটন ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। টিভি রিপ্লে দেখে মনে হয়েছে আলতো ছোঁয়াতেই ইচ্ছে করে পড়ে যান রোনালদো। তবে তিন বারের বর্ষসেরার দুর্বল স্পটকিক ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।
৩৯তম মিনিটে সমতায় ফিরতে পারতো মালাগা। কিন্তু ক্রোয়েশিয়ার স্ট্রাইকার দুয়ে কপের নিচু শট নাভাসের পায়ে লেগে উপরে উঠে ক্রসবারে লাগলে এগিয়ে থাকার স্বস্তিতেই বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আবারও নাভাসের দক্ষতায় বেঁচে যায় রিয়াল। হোর্তার শট ডিফেন্ডার নাচোর পায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে ঢুকতে যাচ্ছিল, শেষমুহূর্তে সেটা ঠেকিয়ে দেন কোস্টা রিকার গোলরক্ষক নাভাস।
এরপর একের পর এক আক্রমণ করতে থাকা মালাগার সামনে ৬৭তম মিনিটে আর বাধা হয়ে থাকতে পারেননি নাভাস। ১৮ গজ বক্সে ফাঁকায় বল পেয়ে বিদ্যুৎ গতির শটে দলকে সমতায় ফেরান স্প্যানিশ ডিফেন্ডার রাউল আলবেনতোসা।
চার মিনিট বাদে লুকা মদ্রিচের বাড়ানো বল ধরে বক্সে ঢুকে পড়েছিলেন রোনালদো, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শটে সুযোগটা নষ্ট করেন তিনি। শেষ পাঁচ মিনিটে আরও দুবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি গ্যারেথ বেল-করিম বেনজেমাহীন রিয়ালের দুর্বল আক্রমণভাগ।
এই ড্রয়ে শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে পড়া রিয়ালের পয়েন্ট ২৫ ম্যাচে ৫৪। আতলেতিকোর পয়েন্ট ৫৫। ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
