আমি জানি, মেসি কেন এমন পেনাল্টি নিয়েছে: রোনালদো
সেল্তা দি ভিগোর বিপক্ষে লিওনেল মেসির ‘অদ্ভুত’ পেনাল্টি নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। এ বিষয়ে এত বেশি কথা হওয়ায় ক্রিস্তিয়ানো রোনালদো যেন একটু বিরক্ত। রিয়াল মাদ্রিদ তারকার দাবি, বার্সেলোনা তারকার এমনভাবে পেনাল্টি নেওয়ার কারণ তিনি জানেন।
গত রোববার লা লিগায় সেল্তার বিপক্ষে পেনাল্টি কিক নিতে গিয়ে আলতো করে বল বাড়ান মেসি। তা থেকেই হ্যাটট্রিক পূরণ করেন লুইস সুয়ারেস। ম্যাচটি ৬-১ গোলে জেতে বার্সেলোনা।
‘আলোচিত’ ওই পেনাল্টি বিশ্বজুড়ে প্রশংসিত হলেও কারো কারো মতে, সেটা প্রতিপক্ষের জন্য উস্কানিমূলক, অসম্মানজনক।
সেল্তার বিপক্ষে বার্সেলোনার ৬-১ ব্যবধানে জেতা ওই ম্যাচের প্রথম গোলটি দারুণ এক ফ্রি-কিক থেকে করেছিলেন মেসি। ওই পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করলে সেটা হতো আর্জেন্টিনা অধিনায়কের লা লিগায় ৩০০তম গোল।
