মেসির নিঃস্বার্থ খেলায় অবিশ্বাস্য পেনাল্টি
প্রায় তিন যুগ আগের পেনাল্টির এক স্মৃতি ফিরিয়ে এনেছে লিওনেল মেসি ও লুইস সুয়ারেস জুটি। সেল্তা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচে নিঃস্বার্থ খেলে নিজে পেনাল্টি কিক নিয়েও সুয়ারেসকে দিয়ে গোলটি করান আর্জেন্টিনা অধিনায়ক মেসি!
গত রোববার রাতে ম্যাচের ৮১তম মিনিটে মেসিকে ডি-বক্সের মধ্যে ডিফেন্ডার কাস্ত্রো ফেলে দিলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট কিকের সময় দৌড়ে এসে জোরে শট না নিয়ে ছোট্ট একটা টোকা দেন মেসি; আর ছুটে এসে জোরালো শটে বল জালে জড়িয়ে হ্যাটট্রিকের আনন্দে ভাসেন সুয়ারেস।
প্রায় এই রকম অদ্ভুত কায়দায় লক্ষ্যভেদ করেছিলেন বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার ইয়োহান ক্রুইফ। ১৯৮২ সালে আয়াক্সের এক ম্যাচে পেনান্টিতে জোরে শট না নিয়ে বলে টোকা দিয়ে সতীর্থ ইয়েসপার ওলসেনকে দেন ক্রুইফ। ওলসেন গোলরক্ষককে বোকা বানিয়ে বল ফেরত পাঠালে তা জালে ঠেলে দেন তিনি।
৬-১ গোলের জয়ের প্রতিক্রিয়ায় মেসি-সুয়ারেস জুটির গোলটি নিয়ে কথা বলতে গিয়ে ক্রুইফের সেই গোলের স্মৃতিচারণ করেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে।
“আমরা সবাই ক্রুইফের গোল মনে রেখেছি। আমি এ রকম করার সাহস করতাম না।”
গোলটি বার্সেলোনার ফুটবলারদের খেলাটা উপভোগ করার বহিঃপ্রকাশ বলে মনে করেন এনরিকে।
“কেউ এটা পছন্দ করবে; কেউ করবে না; কিন্তু বার্সেলোর খেলোয়াড় এবং সদস্য হিসেবে শিরোপা জেতা ছাড়াও দুর্দান্ত কিছু করে আমরা আমাদের খেলাটা উপভোগের চেষ্টা করি।”
মেসির নিঃস্বার্থ খেলায় হ্যাটট্রিক পূরণ করেন সুয়ারেস। চলতি বছর এটা উরুগুয়ের ফরোয়ার্ডের তৃতীয় হ্যাটট্রিক। বার্সেলোনার বড় জয়ের অপর তিন গোলদাতা মেসি, ইভান রাকিতিচ, নেইমার।
পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করতে পারলে লা লিগায় বার্সেলোনার হয়ে ব্যক্তিগত ৩০০তম গোলের মাইলফলক ছুঁতেন মেসি। অথচ সর্বশেষ ফিফা ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের এই নিঃস্বার্থ খেলাকে পরিসংখ্যানের পাতায় ‘পেনাল্টি মিস’ হিসেবে দেখানো হবে।
মেসি-সুয়ারেসের এই কাণ্ডে অবাক সতীর্থরাও। মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা বলেন, “(পেনাল্টি কিক নেওয়ার সময়) তাদের এভাবে দৌড়াতে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তবে গোল হয়েছে দেখে আমি খুশি।”
ইনিয়েস্তার ধারণা, এভাবে গোল করাটা পরিকল্পনায় ছিল তবে গোলটা নেইমারকে দিয়ে হয়তো করানোর ভাবনা ছিল।
আগে থেকে পরিকল্পনা করা আর এর জন্য অনুশীলন করার কথা নিশ্চিত করেন নেইমার।
“এই কায়দাটা আমরা অনুশীলন করেছি এবং এটা (গোলটা) আমার করার কথা ছিল। তবে সুয়ারেস কাছাকাছি থাকায় গোলটা করেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কৌশলটা কাজে লেগেছে।”
“আমরা একে অপরকে ভালোবাসি এবং আমাদের বন্ধুত্বটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
