২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনুশীলনের চেয়েও মাঠে ভালো বার্সা’

প্রতিপক্ষের জালে যেভাবে একের পর এক গোল করছে মেসি-নেইমার-সুয়ারেসরা তাতে কিছুটা অবাক কোচ লুইস এনরিকেও। শিষ্যরা অনুশীলনের চেয়েও মাঠের খেলায় ভালো করেছে বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 04:40 PM

Updated : 11 Oct 2022, 07:46 PM

পুরনো খবর:

বার্সার পেনাল্টি গোলে আপত্তি নেই সেল্তা কোচের
দুর্দান্ত ‘এমএসএন’-এ বার্সার গোল উৎসব
মেসির নিঃস্বার্থ খেলায় অবিশ্বাস্য পেনাল্টি

গত রোববার নিজেদের মাঠ কাম্প নউতে সেল্তা ভিগোকে ৬-১ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। লুইস সুয়ারেস হ্যাটট্রিক করেন; জয়ী দলের বাকি তিন গোলদাতা লিওনেল মেসি, ইভান রাকিতিচ ও নেইমার।

ম্যাচ শেষে এনরিকে বলেন, “আমি অনুশীলনে এভাবে খেলোয়াড়দের দেখে অভ্যস্ত। (মাঠে) তারা আরও ভালো।”

গত সেপ্টেম্বরে সেল্তার মাঠ থেকে ৪-১ গোলে হেরে আসে এনরিকের শিষ্যরা। গত মৌসুমেও দলটির বিপক্ষে হারের তেতো স্বাদ পেয়েছিল তারা; ১-০ গোলের হারটি ছিল ঘরের মাঠে। কাম্প নউয়ে এই জয়ে তাই প্রতিশোধ নেওয়াও হয়ে গেল বার্সেলোনার।

“যখন আমাদের খেলোয়াড়রা গোলের পরিষ্কার সুযোগ পেয়েছে, তারা ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে। ছেলেদের ধন্যবাদ যে, আমরা সেল্তাকে হারাতে পেরেছি।”

সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচের ৮১তম মিনিটে লুইস সুয়ারেসকে দিয়ে লিওনেল মেসির করানো গোলটি নিয়ে আলোচনা চলছে। মেসি পেনাল্টি শট নিতে গিয়ে আলতো টোকায় সুয়ারেসকে বাড়িয়ে দেন এবং উরুগুয়ে ফরোয়ার্ড তা থেকে হ্যাটট্রিক পূরণ করেন।

ওই গোল নিয়ে এনরিকে বলেন, “শিরোপা জেতা ছাড়াও বার্সেলোনার খেলোয়াড়রা মজা পেতে চায় এবং সমর্থকদের বিনোদন দিতে চায়।”

সেল্তার জন্য ওই পেনাল্টি অশ্রদ্ধাজনক বলেও মনে করেন না বার্সেলোনা কোচ।

“অশ্রদ্ধাজনক? কে এই বিষয়ে বলল? আমাদের দলকে শ্রদ্ধা করতে হবে। মানুষ দুর্দান্ত দক্ষতা দেখানোর চেয়েও বেশি কিছু করে নেওয়া একটি শট মেনে নেয়।”