২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির আলোচিত পেনাল্টির পক্ষে ক্রুইফ

সেল্তা দি ভিগোর বিপক্ষে লিওনেল মেসির ‘আলোচিত’ পেনাল্টি প্রশংসিত হলেও কারো কারো মতে, সেটা প্রতিপক্ষের জন্য উস্কানিমূলক। ইয়োহান ক্রুইফ অবশ্য তেমনটা মানতে নারাজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 04:21 PM

Updated : 11 Oct 2022, 07:47 PM

পুরনো খবর:

আমি জানি, মেসি কেন এমন পেনাল্টি নিয়েছে: রোনালদো
মেসির নিঃস্বার্থ খেলায় অবিশ্বাস্য পেনাল্টি
বার্সার পেনাল্টি গোলে আপত্তি নেই সেল্তা কোচের

বার্সেলোনার সাবেক এই কিংবদন্তি ফুটবলারের বিশ্বাস, মেসির ওই পেনাল্টি নিয়ে সমালোচকদের মন্তব্য ঠিক নয়।

গত রোববার লা লিগায় সেল্তার বিপক্ষে পেনাল্টি কিক নিতে গিয়ে আলতো করে বল বাড়ান মেসি। তা থেকেই হ্যাটট্রিক পূরণ করেন লুইস সুয়ারেস। ম্যাচটি ৬-১ গোলে জেতে বার্সেলোনা।

মাঠে মেসি-সুয়ারেস জুটিতে হওয়া ওই গোল বরং ফুটবলপ্রেমীদের আনন্দ দিয়েছে বলেই বিশ্বাস নেদারল্যান্ডসের সাবেক অধিনায়ক ক্রুইফের।

“ফুটবল আনন্দের জন্য এবং মেসি সবাইকে আনন্দ দেয়। ওই পেনাল্টিতে আমি খুবই খুশি।”

ক্যারিয়ারে প্রায় এই রকমভাবে লক্ষ্যভেদ করেছিলেন ক্রুইফ। ১৯৮২ সালে আয়াক্সের এক ম্যাচে পেনান্টিতে জোরে শট না নিয়ে বলে টোকা দিয়ে সতীর্থ ইয়েসপার ওলসেনকে দেন তিনি। ওলসেন গোলরক্ষককে বোকা বানিয়ে বল ফেরত পাঠালে তা জালে ঠেলে দেন ক্রুইফ।

১৯৭৩ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলা ক্রুইফের মতে, প্রতিপক্ষকে উস্কানি দিতে নয়, মাঠে তাৎক্ষণিক চিন্তায় মেসি ওভাবে পেনাল্টি নিয়েছিলেন আনন্দ দেওয়ার চেষ্টায়।

কাতালান ক্লাবটির হয়ে খেলোয়াড় হিসেবে একটি লা লিগাসহ দুটি শিরোপা জেতা ক্রুইফ কোচ হিসেবেও ছিলেন দারুণ সফল। ১৯৮৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বার্সেলোনাকে চারটি লিগ শিরোপাসহ মোট ১১টি শিরোপা জেতান তিনি।