২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমএসএনের মতো সম্পর্ক দরকার নেই রোনালদোর

বার্সেলোনার আক্রমণত্রয়ী লিওনেল মেসি, লুইস সুয়ারেস আর নেইমারের মধ্যে অসাধারণ সম্পর্ক নিয়ে ঈর্ষান্বিত নন ক্রিস্তিয়ানো রোনালদো। বরং তারকা এই ফরোয়ার্ড মনে করেন, গ্যারেথ বেল ও করিম বেনজামার সঙ্গে রিয়াল মাদ্রিদে তিনি যে ত্রয়ী গড়ে তুলেছেন তার জন্য মাঠের বাইরে ভালো সম্পর্কের প্রয়োজন নেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 03:24 PM

Updated : 11 Oct 2022, 07:47 PM

পুরনো খবর:

লা লিগা জিততে আশাবাদী রোনালদো
রোমার মাঠে প্রতিশোধের লক্ষ্যে রিয়াল

গত মৌসুমের মতো এবারও দারুণ ছন্দে আছে ‘এমএসএন’ নামে পরিচিত বার্সেলোনার আক্রমণত্রয়ী। অনেকেই মনে করেন, মাঠের বাইরের ভালো সম্পর্কের কারণেই এমন সাফল্য পাচ্ছেন মেসি, সুয়ারেস, নেইমার। এই আক্রমণত্রয়ীর তিন সদস্যও একই কথা বলে আসছেন। 
 
অন্যদিকে ‘বিবিসি’ নামে পরিচিত রিয়ালের আক্রমণত্রয়ীর সম্পর্ক অতটা ভালো নয় বলে নানা সময়ে খবর বের হয়। 
 
বুধবার রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচের আগের দিন রোনালদো জানান, মাঠে সাফল্য পাওয়ার জন্য সতীর্থদের ভালো বন্ধু হওয়ার প্রয়োজন নেই। 
 
“আমার বেনজেমার সঙ্গে রাতের খাবার খেতে যাওয়ার প্রয়োজন নেই। বেলের আমার বাড়িতে আসারও প্রয়োজন নেই। আমাদের একে অন্যকে চুমু দেওয়ারও প্রয়োজন নেই।”
 

বার্সেলোনা-ত্রয়ীর সম্পর্কের দিকে ইঙ্গিত করে রোনালদো বলেন, “এই যে একটু এক সঙ্গে খাওয়া, একটু আলিঙ্গন, একটু চুম্বন; আমার কাছে এগুলোর কোনো মানে নেই।” সাফল্য পাওয়ার জন্য সতীর্থদের মাঠের বাইরের সম্পর্কের বিষয় যে অতটা জরুরি নয় তা বোঝাতে রোনালদো তার ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার সময়ের উদাহরণও টেনে আনেন।  “২০০৮ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতা ম্যানচেস্টার ইউনাইটেডে আমি পল স্কোলস, রায়ান গিগস আর রিও ফার্ডিনান্ডদের সঙ্গে ‘হ্যালো’ -এর বাইরে কথাই বলতাম না। কিন্তু দারুণ একটা দল ছিল আমাদের।”