রোমার মাঠে প্রতিশোধের লক্ষ্যে রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ গত দুই দশকে বারবার হতাশ হয়েছে ইতালির দলগুলোর কাছে। এবার শেষ ষোলোর লড়াইয়ে সামনে রোমাকে পেয়ে ব্যর্থতার গণ্ডি ভাঙার পাশাপাশি প্রতিশোধেরও লক্ষ্য ক্রিস্তিয়ানো রোনালদো-করিম বেনজেমাদের।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো রাউন্ডের প্রথম পর্বে রোমার মাঠে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় শুরু হবে ম্যাচটি।
গত কয়েক বছরে ইতালিয়ান দলগুলোর বিপক্ষে মাঠে নামলেই যেন খেই হারিয়ে বসে তারা। এই রোমার বিপক্ষেই যেমন সবশেষ দেখায় ২০০৭-০৮ মৌসুমে কোয়ার্টার-ফাইনালের দুই পর্বেই হেরে যায় ইউরোপের সফলতম ক্লাবটি। গত আসরেও ইউভেন্তুসের বিপক্ষে সেমি-ফাইনালে হেরে ছিটকে যায় ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়নরা।
রোমার বিপক্ষে ম্যাচ দিয়েই কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হতে যাচ্ছে ২০০২ সালে খেলোয়াড় হিসেবে রিয়ালকে এ প্রতিযোগিতার শিরোপা জেতানো জিদানের। এবারের লক্ষ্যটা ডাগআউটে শিরোপা উল্লাসে মেতে ওঠার। সে মিশনে শুরুটা নিশ্চয় জয় দিয়েই করতে চাইবেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার।
সাবেক কোচ রাফায়েল বেনিতেসের অধীনে গ্রুপ পর্বে দুই ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বে ওঠা রিয়াল ছয় ম্যাচের পাঁচটিতেই জেতে, অন্যটি ড্র। ওই ম্যাচগুলোতে প্রতিপক্ষের জালে মোট ১৯ বার বল পাঠায় তারা, বিপরীতে হজম করে মাত্র তিনটি গোল।
‘বিবিসি’ নামে পরিচিত আক্রমণত্রয়ীর আরেক তারকা গ্যারথ বেল চোটের কারণে দলের বাইরে থাকলেও তাই খুব একটা ভাবনার বিষয় হওয়ার কথা নয় রিয়ালের। একটা স্বস্তির খবরও আছে; চোট কাটিয়ে অনুশীলনে ফেরা ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলো এ ম্যাচের দলে আছেন।
ইতালির দলগুলোর বিপক্ষে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার লক্ষ্যে রিয়াল আত্মবিশ্বাস পেতে পারে নিজেদের দারুণ সাম্প্রতিক পারফরম্যান্সে, লিগে টানা চার ম্যাচ জিতেছে তারা। নতুন ফরাসি কোচ জিদানের অধীনে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি দলটি। দারুণ পথচলাটা আরেক ধাপ এগুনোর প্রত্যাশা তাই করতেই পারে সমর্থকেরা।
