মেসিকে লুইসের ‘বুনো’ ট্যাকলে বিস্মিত এনরিকে
মেসিকে থামাতে ফাউলের আশ্রয় নিতে হয় অনেক ডিফেন্ডারকেই। তবে লিওনেল মেসিকে আতলেতিকো মাদ্রিদের ফিলিপে লুইসের ‘বুনো’ ট্যাকলে বিস্মিত হয়েছেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে।
স্পেনের লা লিগায় গত শনিবার বার্সেলোনার মাঠ কাম্প নউতে প্রথমার্ধের শেষ দিকে বল দখলের লড়াই করতে গিয়ে মেসির হাঁটুতে বুট দিয়ে আঘাত করেন ব্রাজিলের ডিফেন্ডার লুইস।
রেফারি সঙ্গে সঙ্গেই লুইসকে সরাসরি লাল কার্ড দেখান। বিষয়টি নিয়ে ডাগআউটে উত্তেজিত হয়ে পড়েন এনরিকে। তবে ভয়ঙ্কর এই ট্যাকলের পরও অবশ্য বড় কোনো চোটে পড়া থেকে বেঁচে যান মেসি।
২-১ গোলে জেতা ম্যাচ শেষে এনরিকে বলেন, “আপনারা আমার প্রতিক্রিয়া দেখেছেন? তাহলে কল্পনা করতে পারবেন, আমি কী ভাবছিলাম। এটা আমাকে বিস্মিত করেছে।”
আতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে অবশ্য বিষয়টি নিয়ে লুইসের সমালোচনা করতে চাননি।
“এটা ম্যাচের মধ্যে একটি ঘটনা ছিল।”
