শেষ দিন হকির দল গোছাল আবাহনী
হকির দলবদলের শেষ দিনে ঘর গোছাল আবাহনী লিমিটেড। জাতীয় দলের চারজনকে রেখে দিয়েছে ঘরোয়া হকির ঐতিহ্যবাহী দলটি।
রোম্মান সরকার, ফরহাদ আহমেদ শিটুল, অসীম গোপ ও খোরশেদুর রহমান-জাতীয় দলের এই চার তারকা পুরনো ঠিকানা আবাহনীতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আগেই। মঙ্গলবার সেরেছেন চুক্তির আনুষ্ঠানিকতা।
দুই বছরেরও বেশি সময় পর হওয়া এই দলবদলের ফলে লিগও মাঠে গড়াচ্ছে। এ নিয়ে খেলোয়াড়দের মধ্যে উন্মাদনা আছে কিন্তু ‘গ্রেডিং’ -এর ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হতাশাও কম নয়।
বিভিন্ন ক্লাবে খেলা সার্ভিসেস দলগুলোর খেলোয়াড়দের পারিশ্রমিক গ্রেড অনুযায়ী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ক্লাবের প্রতিনিধিরা। এ, বি ও সি-এই তিন গ্রেডের খেলোয়াড়রা যথাক্রমে তিন লাখ, দুই লাখ ও দেড় লাখ টাকা করে পাবেন। রাসেল মাহমুদ জিমি, অসীম-জাতীয় দলের হয়ে আলো ছড়ানো এই খেলোয়াড়রা তাই প্রত্যাশিত অর্থ পাচ্ছেন না।
টাকার অঙ্ক নিয়ে হতাশা থাকলেও অসীম অবশ্য লিগ শিরোপা জেতার লক্ষ্য নিয়ে এগুতে চান, “ওসব (টাকার অঙ্ক) নিয়ে কথা বলে কী হবে? খেলাটা ভালো লাগে, খেলার প্রতি ভালোবাসা আছে, তাই খেলি। যে দলটা আমরা পেয়েছি, সেটা খুব শক্তিশালী বলব না; তবে আমরা শিরোপা জয়ের জন্য লড়াই করব।”
শেষ দিনে কোন দলে কারা:
আবাহনী: মাকসুদ আলম হাবুল, খালিদ বিন ওয়ালিদ, মিজানুর রহমান, রুবেল কুমার, রোম্মান সরকার, ফরহাদ আহমেদ শিটুল, অসীম গোপ, খোরশেদুর রহমান, সোয়েব আলী, মশিউর রহমান বিপ্লব, শেখ মো: নান্নু, রাজিব দাস, মেহেদী হাসান, তানজিম আহমেদ, আজিজুল ইসলাম, রঞ্জন রাজ ভর।
মেরিনার ইয়াংস: মামুনুর রহমান চয়ন, ইমরান হাসান পিন্টু, হাসিন আরমান, খন্দকার আকিব জাভেদ, আশরাফুল ইসলাম।
ঊষা ক্রীড়া চক্র: গোলাম রব্বানী, মুকিতুল ইসলাম, গৌতম কুমার দাস, মিলন হোসেন মিঠুন, মো: মাহবুব হোসেন।
বাংলাদেশ এসসি: বেল্লাল হোসেন, আবদুস সবুর।
সাধারণ বীমা: জিয়াউর রহমান।
মোহামেডান: মো: শাকিল, মো: রোকনুজ্জামান।
আজাদ এসসি: ইয়াকুব আলী, জাহিদুল ইসলাম।
ঢাকা ওয়ান্ডারার্স: সাদিকুল ইসলাম মেরাজ।
