মেসিকে নিয়ে প্রত্যয়ী মালাগার মাঠে বার্সা
দুর্দম্য গতিতে এগিয়ে চলা বার্সেলোনার সামনে এবার মাঝারি মানের দল মালাগা। শক্তি আর সামর্থ্যে পিছিয়ে থাকলেও কাতালুনিয়া ক্লাবটির বিপক্ষে ভালো ফল পেতে প্রত্যয়ী হাভিয়ের গার্সিয়ার দল।
স্পেনের লা লিগার ম্যাচটির আগে লুইস এনরিকের দলে অম্লমধুর অনুভূতি; চোট কাটিয়ে লিওনেল মেসি ফিরলেও মালাগার বিপক্ষে তারা পাচ্ছে না আরেক তারকা ফরোয়ার্ড নেইমারকে।
মালাগার মাঠে ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায়।
স্প্যানিশ কাপের কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বে গত বুধবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেলতে পারেননি পায়ের পেশিতে চোট পাওয়া মেসি। নিষেধাজ্ঞার কারণে সেই ম্যাচে ছিলেন না লুইস সুয়ারেসও।
গত বৃহস্পতিবার অনুশীলনে ফিরেছেন মেসি। সব কিছু ঠিক থাকলে মালাগার বিপক্ষে মাঠে নামছেন আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড। এ ম্যাচে খেলবেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেসও।
তবে অনুশীলনের সময় পাওয়া হ্যামস্ট্রিং পেশিতে চোটের কারণে স্পেনের লা লিগায় এ ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলের ফরোয়ার্ড নেইমার।
নিষেধাজ্ঞার জন্য এ ম্যাচে বার্সেলোনা পাচ্ছে না ডিফেন্ডার জেরার্দ পিকেকে। আরেক ডিফেন্ডার জর্দি আলবাও পেশির সমস্যার কারণে রয়েছেন দলের বাইরে।
এই সব সমস্যার পরও মালাগার বিপক্ষে জয় পাওয়াটা খুব একটা কঠিন হওয়ার কথা নয় বার্সেলোনার। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান অন্তত তাই বলে।
বার্সেলোনার বিপক্ষে লিগে সবশেষ ২০ ম্যাচের মাত্র একটিতেই জিতেছে মালাগা। বার্সেলোনার জয় ১৭টি, বাকি দুটি হয়েছে ড্র। ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে লা লিগায় ১৪টি ম্যাচ খেলেছে মালাগা। এর মধ্যে একটিই জিতেছে তারা; ৫-১ গোলের সেই জয়টিও ২০০৩ সালে।
তবে ২০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে থাকা মালাগা গত ৭ নভেম্বরের পর লিগে ঘরের মাঠে আর কোনো ম্যাচ হারেনি।
“অন্য যে কোনো ম্যাচের মতো এই ম্যাচকেও আমাদের এভাবে নিতে হবে যে, তিন পয়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে। বিষয়টি সত্য যে, এটা কঠিন।”
স্বপ্ন সত্যি করার জন্য সতীর্থদের কিছু পরামর্শও দিয়ে রাখেন কামাচো।
“আমাদের সম্পূর্ণ একটি ম্যাচ খেলতে হবে। আমরা পয়েন্ট পেতেই খেলব। পুরো সপ্তাহ কাজ করেছি এবং কোচ আমাদের বলেছে, মাঠে আসলে আমাদের কী করতে হবে।”
মালাগার বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না বলে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন বার্সেলোনা কোচ এনরিকে।
“মালাগা সব সময়ই আমাদের সমস্যায় ফেলে। উপরের দিকে থাকতে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। এটাকে খুব গুরুত্বের সঙ্গে নিতে হবে আমাদের।”
